প্রাণ ও ফার্ম ফ্রেশ দুধ বিক্রি করতে পারবে

আপডেট : ৩০ জুলাই ২০১৯, ২২:০৬

প্রাণ ও ফার্ম ফ্রেশ মিল্ক ব্র্যান্ডের পাস্তুরিত দুধ বিক্রিতে আইনগত বাধা দূর হয়েছে। এসব পাস্তুরিত দুধে অ্যান্টিবায়োটিক ও সীসা পাওয়ায় এর উত্পাদন, সরবরাহ ও বাজারজাতকরণের ওপর পাঁচ সপ্তাহের নিষেধাজ্ঞা দিয়েছিল হাইকোর্ট। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে গতকাল মঙ্গলবার চেম্বার আদালতে আবেদন করে প্রাণ ডেইরি ও আকিজ ফুড অ্যান্ড বেভারেজ। ঐ আবেদনের ওপর শুনানি নিয়ে আপিল বিভাগের বিচারপতি মো. নুরুজ্জামান হাইকোর্টের আদেশ পাঁচ সপ্তাহ স্থগিত করে দেন। কোম্পানি-গুলোর পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।    এর আগে সোমবার বাংলাদেশ দুগ্ধ উত্পাদনকারী সমবায় ইউনিয়নের এক আবেদনের প্রেক্ষিতে মিল্ক ভিটা ব্র্যান্ডের দুধের ওপর হাইকোর্টের দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত করে দেয় চেম্বার আদালত।

এদিকে বিএসটিআইয়ের লাইসেন্সপ্রাপ্ত এই তিনটি কোম্পানি ছাড়াও আরো ১১ কোম্পানি তাদের ব্র্যান্ডের দুধ বিক্রির ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞা স্থগিত চেয়ে আবেদন করেছেন। আজ বুধবার এসব আবেদনের ওপর চেম্বার আদালতে শুনানি অনুষ্ঠিত হবে। এসব কোম্পানি হচ্ছে : ব্র্যাক ডেইরির আড়ং ডেইরি, ড্যানিস ডেইরির আইরান, ইছামতি ডেইরির পিউরা, আমেরিকান ডেইরির মু, আফতাব মিল্কের আফতাব, শিলাইদহ ডেইরির আলট্রা, তানিয়া ডেইরির সেইফ, ঈগলু ডেইরির ঈগলু, বারো আউলিয়া ডেইরির ডেইরি ফ্রেশ, উত্তরবঙ্গ ডেইরির মিল্ক ফ্রেশ ও পূর্ব বাংলা ডেইরির আরওয়া ব্র্যান্ডের দুধ।