লালমনিরহাটে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার

আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ১৬:২৫

লালমনিরহাটে গত ৪৮ ঘণ্টায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের ১৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার পাঁচ উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে জেলার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন, পাটগ্রামের জগতবেড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান সোহেল, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের কর্মী মো. আলমগীর হোসেন, কালীগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. আজিজুল ইসলাম, লালমনিরহাট সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নারায়ন রায় ও তুষভান্ডার ইউনিয়নের ইউপি সদস্য গোলজার হোসেনসহ মোট ১৭ জন। 

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাস ও নাশকতা মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে লালমনিরহাট সদর থেকে চার জন, পাটগ্রাম থেকে একজন, হাতীবান্ধা থেকে ছয় জন, কালীগঞ্জ থেকে দুই জন ও আদিতমারী থেকে চার জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে আটজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ।

জেলার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম জানান, অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে। আইনশৃঙ্খলা রক্ষায় লালমনিরহাটে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

ইত্তেফাক/এপি