বরিশালের মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও প্যানেল চেয়ারম্যান আলী আহম্মদ খান সোহাগ এবং তার স্ত্রীকে স্কুলছাত্রী অপহরণ মামলায় ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই অভিযানে অপহৃত ১৫ বছর বয়সী ওই স্কুলছাত্রীকেও উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পুবাইল থানা পুলিশ কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আলী আহম্মদ খান সোহাগ মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের (পশ্চিম বোয়ালিয়া গ্রাম) ইউপি সদস্য। তিনি ওই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানও।
পুলিশ ও বাদীপক্ষের পরিবার সূত্রে জানা যায়, প্রায় এক সপ্তাহ আগে গাজীপুরের পুবাইল এলাকা থেকে ১৫ বছর বয়সী এক স্কুলছাত্রীকে অপহরণ করা হয়। মামলার এজাহারে ইউপি সদস্য আলী আহম্মদ খান সোহাগের ছেলে সিয়াম খান, তার বাবা সোহাগসহ চারজনকে আসামি করা হয়েছে।
এ ঘটনায় অপহৃত ছাত্রীর বাবা বাদী হয়ে গাজীপুর আদালতে মামলা করেন। পরে আদালতের নির্দেশে পুবাইল থানায় অপহরণ মামলা নথিভুক্ত করা হয়।
মামলার তদন্তের ধারাবাহিকতায় পুলিশ যৌথ অভিযান চালিয়ে কেরানীগঞ্জ এলাকা থেকে ইউপি সদস্য আলী আহম্মদ খান সোহাগ ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে। অভিযানের সময় ওই স্কুলছাত্রীকেও উদ্ধার করা হয়।
জিএমপির পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অপহরণ মামলায় কেরানীগঞ্জ এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, উদ্ধার হওয়া কিশোরীকে শারীরিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

