রিফাত হত্যা মামলা

আবারও মিন্নির জামিন আবেদন নাকচ

আপডেট : ৩০ জুলাই ২০১৯, ২২:০৮

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার প্রধান সাক্ষী থেকে আসামি হওয়া নিহত শাহনেওয়াজ রিফাত শরীফের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির জামিন আবেদন আবারও নামঞ্জুর করেছে আদালত। গতকাল মঙ্গলবার বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আসাদুজ্জামান এ জামিন আবেদন নামঞ্জুর করেন। মিন্নির আইনজীবী মাহবুবুল বারী আসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ২৩ জুলাই আয়েশা সিদ্দিকা মিন্নির পক্ষে জামিনের আবেদন করলে ৩০ জুলাই শুনানির দিন ধার্য করা হয়। গতকাল মঙ্গবার বেলা ১১টা ৫ মিনিটে জামিনের শুনানি শুরু হয়। মিন্নির পক্ষে নিযুক্ত আইনজীবী মাহাবুবুল বারী আসলাম, গোলাম মোস্তফা কাদের, ঢাকা থেকে আসা আইন ও সালিশ কেন্দ্রের অ্যাডভোকেট আবদুর রশিদ, অ্যাডভোকেট নীনা গোস্বামী, ব্লাস্টের অ্যাডভোকেট শাহিদা তালুকদার, অ্যাডভোকেট এ জেড এম শহিদুজ্জামান খান, রাকিব হাসান, সাগর সরকার, নুসরাত হত্যা মামলার আলোচিত আইনজীবী ফারুক আহম্মেদসহ ৩০ জন আইনজীবী শুনানিতে অংশ নেন।

বাদীপক্ষে বরগুনার পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ভুবন চন্দ্র হাওলাদারসহ ৩০ জন আইনজীবী জামিন নামঞ্জুরের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। উভয় পক্ষের শুনানি শেষে দুপুর ১টার দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা বরগুনা থানার ওসি (তদন্ত) মো. হুমায়ুন কবিরকে আদালতে তলব করা হয়। তিনি আদালতে আসার পরে পুনরায় শুনানি শুরু হলে তদন্ত কর্মকর্তা মিন্নির সঙ্গে আসামিদের মোবাইল ফোনে কথোপকথনের কললিস্ট, মিন্নির স্বীকারোক্তিমূলক জবানবন্দিসহ যাবতীয় তথ্য-উপাত্ত আদালতে উপস্থাপন করেন। প্রায় ঘণ্টাব্যাপী শুনানি এবং উভয় পক্ষের আইনজীবীদের যুক্তি খণ্ডন শেষে আয়েশা সিদ্দিকা মিন্নির জামিন আবেদন নামঞ্জুর করেন বিচারক। তবে মিন্নির আইনজীবী অ্যাডভোকেট মাহাবুবুল বারী আসলাম জানিয়েছেন, তারা উচ্চ আদালতে পরে জামিনের জন্য আবেদন করবেন।

আয়েশা সিদ্দিকা মিন্নিকে গত ১৬ জুলাই জিজ্ঞাসাবাদের কথা বলে পুলিশ লাইনে নিয়ে আসা হয়। ঐ দিনই তাকে গ্রেফতার দেখিয়ে বরগুনা কারাগারে পাঠানো হয়। পরে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ডে নিয়ে ৪৮ ঘণ্টা পরেই ১৯ জুলাই মিন্নিকে বরগুনার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজীর আদালতে হাজির করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়। সেই থেকে মিন্নি কারাগারে রয়েছেন।

উল্লেখ্য, আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় এখন পর্যন্ত ১৫ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে মিন্নিসহ ১৫ জন অভিযুক্তই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।