বাসে আগুন দিয়ে তুরাগ নদে ঝাঁপ, কলেজ ছাত্রের মৃত্যু

আপডেট : ১৪ নভেম্বর ২০২৫, ০১:৫৪

রাজধানীর শাহআলীর নবাবেরবাগ উত্তরপাড়া বেড়ীবাঁধ এলাকায় পার্কিং অবস্থায় থাকা কিরণ মালা পরিবহনের একটি বাসে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ধাওয়া দিয়ে একজনকে আটক করে এবং অপরজন পালাতে গিয়ে তুরাগ নদীতে ঝাঁপ দেয়। পরবর্তীতে তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তার নাম সাইয়্যাফ (১৮)। মিরপুর-১০ নম্বরে পপুলার হাসপাতালের গলিতে তার বাসা। সাইয়্যাফ বাংলাদেশ নৌবাহিনী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিল।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুইজন দুর্বৃত্ত পার্কিং করা ঢাকা মেট্রো ব-১৩-১২৬২ নম্বর বাসে আগুন লাগিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ধাওয়া দিয়ে একজনকে আটক করে এবং অপরজন পালাতে গিয়ে তুরাগ নদীতে ঝাঁপ দেয়। পরবর্তীতে তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

শাহআলী থানা ওসি গোলাম আজম বলেন, একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় দুজনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। তাদের মধ্যে একজন পালাতে গিয়ে পানিতে লাফ দেন, পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ইত্তেফাক/এএম