সাংবাদিকতা ও পুলিশের চাকরি! দুটিই ঝুঁকিপূর্ণ পেশা। ঝুঁকি মাথায় নিয়েই এ পেশার মানুষ কাজ করেন। সাংবাদিকরা অন্যায়, অনিয়ম তুলে ধরেন সাহসের সঙ্গে। এ কাজ করতে গিয়ে তারা বিভিন্ন সময়ে অসুস্থ হয়ে পড়েন। এমনকি দায়িত্ব পালন করতে গিয়ে তারা শরীরের যত্ন নিতে পারেন না। তারা সঠিক সময়ে খাবারও খেতে পারেন না। সাংবাদিকরা বিভিন্ন বয়সে নানাবিধ অসুখ-বিসুখে ভোগেন। গ্রুপ বিমা করা হলে সাংবাদিকরা এসব চিকিত্সায় আর্থিকভাবে সহায়তা পেতে পারেন। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সাংবাদিক আব্দুস সালাম মিলনায়তনে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) গ্রুপ জীবন বিমার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
ক্র্যাব সভাপতি আবুল খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন ক্র্যাব সাধারণ সম্পাদক দীপু সারোয়ার। বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন ও সানলাইফ ইনসিওরেন্স কোম্পানির সহ-ব্যবস্থাপনা পরিচালক শাহাদাত হোসেন সোহাগ। উপস্থিত ছিলেন ক্র্যাবের সাবেক সভাপতি মধুসূদন মণ্ডল, খায়রুজ্জামান কামাল, সিনিয়র সাংবাদিক গাফফার মাহমুদ, ক্র্যাব সহসভাপতি মিজান মালিক, ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান প্রমুখ।
