স্পোর্টস রিপোর্টার
বেশ ক’দিন হলো, টেস্ট শুরুর আগের দিনই একাদশ ঘোষণা করে দেওয়ার রেওয়াজ চালু করেছে ভারতীয় দল। তবে, অ্যাডিলেড টেস্টের আগে সেই রীতিটা শতভাগ সম্পন্ন করতে পারেনি বিরাট কোহলির টিম ম্যানেজমেন্ট। আসলে, ছয় নম্বর পজিশনটা নিয়ে দুশ্চিন্তায় আছে তারা।
দুশ্চিন্তা বলার চেয়ে আসলে মধুর সমস্যা বলা ভালো। লড়াইয়ে আছেন রোহিত শর্মা ও হনুমা বিহারি। ম্যাচের দিন সকালে এই পজিশন নিশ্চিত করবে টিম ম্যানেজমেন্ট। তাই, অ্যাডিলেড টেস্টের আগে ১২ জনের দল ঘোষণা করেছে ভারতীয় দল।
ওপেনিং ব্যাটসম্যান হিসেবে খেলবেন লোকেশ রাহুল ও মুরালি বিজয়। এরপর আছেন চেতেশ্বর পূজারা, অধিনায়ক বিরাট কোহলি ও আজিঙ্কা রাহানে। তবে ছয় নম্বর ব্যাটসম্যান হিসেবে কাকে খেলাবে এটি নিশ্চিত করেনি ভারত। উইকেটের পেছনে সামলাবেন ঋষভ পান্ত।
তবে একজন স্পিনার ও তিনজন পেসার নিয়ে মাঠে নামবে এটি নিশ্চিত। একমাত্র স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। অ্যাডিলেডের সবুজ ঘাসের পিচের কথা চিন্তা করে তিন পেসার মোহাম্মদ সামি, ইশান্ত শর্মা ও জাসপ্রিত বুমরাহকে নিশ্চিত করেছে ভারত।
রীতি অনুযায়ী প্রথম টেস্টের আগে নিজেদের একাদশ ঘোষণা করে দিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। একাদশে সুযোগ পাননি মিচেল মার্শ। তার জায়গায় একাদশে আছেন পিটার হ্যান্ডসকম্ব। সামপ্রতিক ফর্মটা খুব বেশি ভালো যাচ্ছে না মার্শের। পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের সিরিজের চার ইনিংসে ব্যাট হাতে ৩০ রান ও বল হাতে মাত্র ২ উইকেট নেন তিনি। তাই ভারতের বিপক্ষে প্রথম টেস্টে সাইডলাইনেই বসে থাকতে হচ্ছে মার্শকে।
এদিকে, অ্যাডিলেড টেস্ট দিয়েই অভিষেক হতে যাচ্ছে ওপেনার মার্কাস হ্যারিসের। অ্যারন ফিঞ্চের সাথে উদ্বোধনী জুটিতে খেলতে নামবেন তিনি। ৬৮টি প্রথম শ্রেণির ক্রিকেটে ৯টি সেঞ্চুরি ও ১৭ টি হাফ-সেঞ্চুরিতে ৪১৫৩ রান করেছেন ২৬ বছর বয়সী হ্যারিস।
তিন পেসার ও একজন স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে অস্ট্রেলিয়া। তিন পেসার হলেন- মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড ও প্যাট কামিন্স। নাথান লিঁও একাই সামলাবেন স্পিন বিভাগ।
অ্যাডিলেড টেস্টের আগে অনন্য এক রেকর্ডের দুয়ারে দাঁড়িয়ে আছেন বিরাট কোহলি। আর মাত্র একটি সেঞ্চুরি করলেই ভারতের মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারকে স্পর্শ করবেন তিনি।
ভারতের পক্ষে অস্ট্রেলিয়ার মাটিতে সবচেয়ে সেঞ্চুরি রয়েছে টেন্ডুলকারের। ৩৮ ইনিংসে ৬টি। তবে ১৬ ইনিংসে ৫টি সেঞ্চুরি রয়েছে কোহলির। তাই টেন্ডুলকারের চেয়ে এক সেঞ্চুরি কম রয়েছে কোহলির। ফলে একটি সেঞ্চুরি পেলেই টেন্ডুলকারকে স্পর্শ করবেন তিনি। তবে যে ফর্মে রয়েছেন কোহলি, তাতে এই সিরিজেই টেন্ডুলকারকে ছাড়িয়ে যেতে পারেন। টেন্ডুলকারকে ছাড়িয়ে যেতে দু’টি সেঞ্চুরি করতে হবে কোহলিকে।
অস্ট্রেলিয়া একাদশ
অ্যারন ফিঞ্চ, মার্কাস হ্যারিস, উসমান খাজা, শন মার্শ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, টিম পাইন (অধিনায়ক ও উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, নাথান লিঁও ও জশ হ্যাজেলউড।
ভারতের ১২ জনের দল
লোকেশ রাহুল, মুরালি বিজয়, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, রোহিত শর্মা/হানুমা বিহারি, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), রবীচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ সামি, ইশান্ত শর্মা ও জাসপ্রিত বুমরাহ।
