মুন্সীগঞ্জের সিরাজদিখানে ব্যথার যন্ত্রণা সইতে না পেরে সিরাজদিখান উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের গোসলখানায় গলায় ফাঁস দিয়ে মাজেদা বেগম নামে (৪৫) এক নারী আত্মহত্যা করেছেন। মঙ্গলবার রাত ১২টার দিকে গোসলখানার রেলিংয়ের সাথে গলায় ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। তিনি উপজেলার বয়রাগাদী ইউনিয়নের রায়েরবাগ গ্রামের মো. বাবুল শেখের স্ত্রী।
মৃত মাজেদা বেগমের মেয়ে মিনারা আক্তার (২০) বলেন, আমার মা ৫ দিন ধরে হাসপাতালে ভর্তি ছিল, তার সাথে আমিও হাসপাতালে থাকি। পেটের ব্যথায় কাতর ছিল। রাত ১২টার সময় আমি ঘুমন্ত ছিলাম তখন মা হাসপাতালের গোসলখানায় গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বদিউজ্জামান বলেন, ওই নারী বিভিন্ন রোগে ভুগছিলেন। দেড় মাসে আগেও ঢাকার একটি হাসপাতালে তার পিত্তথলির অপারেশন হয়েছে। আমাদের ধারণা ব্যথার যন্ত্রণা সইতে না পেরে সে আত্মহত্যা করেছে। সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সিরাজদিখান থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
