নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এবার হেরোইনসহ তিন আন্তঃজেলা ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার উপজেলার বৈদ্যেরবাজার মাছঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন ডাকাত সর্দার আব্দুর রহিম, সহযোগী রুবেল ও মো. সজিব। তাদের কাছ থেকে ৪৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আড়াইহাজার, বন্দর ও সোনারগাঁও থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে বলে পুলিশ জানান।
সোনারগাঁও থানার এসআই আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকালে উপজেলার বৈদ্যেরবাজার মাছঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আন্তঃজেলা ডাকাত দলের ডাকাত সর্দার আব্দুর রহিমসহ তার দুই সহযোগী রুবেল ও সজিবকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রায় সাড়ে ৪ লাখ টাকা মূল্যের ৪৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত ডাকাত সর্দার আব্দুর রহিম আড়াইহাজার উপজেলার ঝাউকান্দি গ্রামের শামসুল হকের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ছয়টি ডাকাতি মামলা রয়েছে। তার সহযোগী রুবেল নরসিংদী জেলার চরমাধবদী গ্রামের খলিল মিয়ার ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় পাঁচটি ডাকাতি মামলা রয়েছে ও মো. সজিব মাধবদী থানার গজারচর গ্রামের বাবুল মিয়ার ছেলে।
এসআই আরো জানান, গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দুপুরে নারায়ণগঞ্জ জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।
