বিজিএমইএ শ্রমিকদের ঈদের আগেই বেতন বোনাস প্রদানের আশ্বাস দিল রাষ্ট্রপতিকে

আপডেট : ৩১ জুলাই ২০১৯, ০০:৪০

রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেছেন বাংলাদেশ পোশাক উত্পাদনকারী এবং রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার বিকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাত্কালে তারা প্রতিশ্রুতি দিয়েছেন ঈদুল আজহার আগেই পোশাক শ্রমিকদের বেতন ও ঈদ বোনাস প্রদান করবেন। সাক্ষাত্কালে বিজিএমইএ সভাপতি রুবানা হক বলেন, শ্রমিকরা ঈদ-উল-ফিতরের আগে সঠিকভাবে তাদের বেতন এবং ঈদ বোনাস পেয়েছিল। আমি আশা করি, আসন্ন ঈদুল আজহার আগে সব পোশাক শ্রমিক তাদের বেতন এবং উত্সব ভাতা পাবেন।

বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সাংবাদিকদের ব্রিফ করেন। গার্মেন্টস সেক্টরের শীর্ষস্থানীয় বাণিজ্য সংস্থা বিজিএমইএর নবনির্বাচিত নেতারা বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাদেরকে অভিনন্দন জানান এবং তরুণ প্রজন্ম থেকে উদ্যোক্তা তৈরির প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

রেডিমেড গার্মেন্টস (আরএমজি) খাতের অবদানের প্রশংসা করে রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেন, বাংলাদেশি পণ্য ইতিমধ্যে বৈশ্বিক বাজার থেকে আয় করেছে। পণ্যগুলো বিশ্বব্যাপী খ্যাতি অর্জনের পাশাপাশি প্রদর্শিত এবং বিক্রি হচ্ছে। বিজিএমইএ নেতাদের মানসম্পন্ন ও বৈচিত্র্যময় পণ্য উত্পাদন নিশ্চিত করার পরামর্শ দিয়ে রাষ্ট্রপতি বলেন, কারখানা মালিক ও শ্রমিকদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখলে উত্পাদন বৃদ্ধি পায়।

রুবানা হক বিজিএমইএর প্রথম মহিলা সভাপতি। তিনি বিজিএমইএর ৩৭ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবরাও সেখানে উপস্থিত ছিলেন।