চ্যারিটেবল ট্রাস্ট মামলা

জামিন পেলে পালাবেন না খালেদা জিয়া : খন্দকার মাহবুব

আপডেট : ৩১ জুলাই ২০১৯, ০০:৪২

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর হাইকোর্টে শুনানি শুরু হয়েছে। শুনানিতে তার আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, জামিন পেলে খালেদা জিয়া পালিয়ে যাবেন না। আর যদি পালিয়ে যান তাহলে মনে হয় সরকারও খুশি হন। তিনি বলেন, জামিনের আবেদন বিবেচনায় নিতে হলে মামলায় আসামির দণ্ড, অপরাধের গুরুত্ব এবং জামিন পেলে আসামি পালিয়ে যাবে কি না এই বিষয়গুলো দেখতে হবে। সেই দৃষ্টিকোণ থেকে এই তিনটি বিষয়ই খালেদা জিয়ার ক্ষেত্রে কাভার করে। কারণ তিনি ইতিমধ্যে এই মামলায় প্রায় দুই বছর জেল খেটেছেন। যে আইনে মামলা করা হয়েছে সেটা তার ক্ষেত্রে প্রযোজ্য নয়। তিনি বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী। এখন শারীরিকভাবে অসুস্থ। এসব বিষয় বিবেচনায় নিয়ে আদালত জামিন মঞ্জুর করতে পারেন। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এসএম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গতকাল মঙ্গলবার এই শুনানি অনুষ্ঠিত হয়। আজ বুধবার রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করবেন।

অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, এই মামলায় বলা হয়েছে এটা সরকারি টাকা নয়। বিএনপির দলীয় ফান্ডের টাকা। তাকে রাজনৈতিক কারণে মামলায় আসামি করা হয়েছে।

দুদক কৌঁসুলি খুরশীদ আলম খান বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে। তাই জামিন দেওয়া ঠিক হবে না। শুনানিকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও আইনজীবী ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।