স্পোর্টস ডেস্ক
লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে সচরাচর একসাথে দেখা যায় না। কালেভদ্রে তাদের দেখা মিলতো ব্যালন ডি’অর কিংবা ফিফার বর্ষসেরা অনুষ্ঠানে। এর মধ্যেই খবর মিলেছে দুজনকে আবার একসাথে দেখা যাবে।
স্পানিশ পত্রিকা এএস এর খবর সঠিক হলে আগামী রবিবার কোপা লিবার্তাদোরেসের ফাইনালে দুজন রিয়াল মাদ্রিদের মাঠে হাজির থাকবেন। দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন্স লিগ হিসেবে খ্যাত এ প্রতিযোগিতার ফাইনালটি অনেক বিতর্ক শেষে রিয়ালের মাঠে অনুষ্ঠিত হবে। এতে লড়বে মেসির দেশ আর্জেন্টিনার আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্ব্বী দুই দল রিভারপ্লেট ও বোকা জুনিয়র।
দক্ষিণ আমেরিকার ক্লাব ফুটবলের সর্বোচ্চ ট্রফির এ খেলাটি হওয়ার কথা ছিল রিভারপ্লেটের মাঠে। কিন্তু বোকা জুনিয়র্স খেলোয়াড়দের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ ফুটবল সংস্থা কনমেবল ফাইনালটিকে ইউরোপে নিয়ে আসে।
মেসি ইতোমধ্যেই স্পানিশ ফুটবল ফেডারেশনের মাধ্যমে ফাইনালটির টিকেট সংগ্রহ করেছেন বলে জানিয়েছে পত্রিকাটি। রোনালদো টিকেটের জন্য সরাসরি ক্লাবটির কাছেই অনুরোধ জানিয়েছেন। সেক্ষেত্রে চলতি বছরের মাঝামাঝিতে জুভেন্তাসে চলে যাবার পর এটাই হবে তার প্রথম রিয়ালে ফেরা।
এদিকে রিভার ও বোকার খেলাটি দেখার ব্যাপারে ইউরোপে ব্যাপক সাড়া পড়েছে। স্পানিশ ফেডারেশনটি সব পক্ষের কাছ থেকে অনুরোধ পাচ্ছে। মেসির পাশাপাশি স্পেনের প্রথম ও দ্বিতীয় বিভাগের খেলোয়াড়রা এবং ইউরোপ ও আমেরিকার কোচরাও খেলাটি দেখতে চান বলে জানিয়েছেন।
উল্লেখ্য বোকার মাঠে অনুষ্ঠিত ফাইনালের প্রথম লেগ ২-২ গোলে ড্র হয়েছিল। কিন্তু ফিরতি ফাইনাল শুরুর কয়েক ঘন্টা আগে রিভারের স্টেডিয়ামে আসার পথে কিছু উগ্রবাদী প্রতিপক্ষ সমর্থকের হামলার শিকার হয় বোকার দলীয় বাস। আহত হন বোকার অধিনায়ক পাবলো পেরেজ এবং কার্লোস তেভেজসহ বেশ কিছু খেলোয়াড় এবং বাসচালক। কয়েক দফা সময় পেছানোর পরেও সেদিন খেলাটি আয়োজনে ব্যর্থ হয় কর্তৃপক্ষ।
অগত্যা ফাইনালটি ইউরোপে পাড়ি জমায়।
