ইথিওপিয়ায় প্রথমবারের মতো মারাত্মক ‘মারবার্গ’ ভাইরাসের প্রাদুর্ভাব

আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ২০:১০

ইথিওপিয়ায় প্রথমবারের মতো মারাত্মক 'মারবার্গ' ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলে  ৯ জনের দেহে এই ভাইরাস শনাক্ত করা হয়েছে বলে জানা গেছে।

শনিবার (১৫ নভেম্বর) আফ্রিকা রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (আফ্রিকা সিডিসি) এ তথ্য জানিয়েছে।

মারবার্গ ভাইরাসটি সবচেয়ে মারাত্মক রোগজীবাণুগুলোর মধ্যে একটি। ইবোলার মতো এটিও তীব্র রক্তপাত, জ্বর, বমি এবং ডায়রিয়া ঘটাতে পারে।

এটি ইবোলার মতো শারীরিক তরলের সংস্পর্শের মাধ্যমে ছড়ায়। এতে মৃত্যুর হার ২৫ থেকে ৮০ শতাংশের মধ্যে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ইথিওপিয়ার টেড্রোস আধানম ঘেব্রেয়েসাস গত শুক্রবার নিশ্চিত করেন, দক্ষিণ ইথিওপিয়ায় কমপক্ষে ৯ জনের দেহে সনাক্ত করা হয়েছে।

আফ্রিকা সিডিসি বলেছে, কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে এবং পূর্ব আফ্রিকার অন্যান্য এলাকায় ভাইরাস ছড়িয়ে পড়ার ঝুঁকি কমাতে তারা ইথিওপিয়ার সঙ্গে কাজ করবে।

গত জানুয়ারিতে তানজানিয়ায় মারবার্গ ভাইরাসে ১০ জন মারা যায় এবং মার্চ মাসে প্রাদুর্ভাব বন্ধ হয়ে যায়।

প্রসঙ্গত, এই ভাইরাসের জন্য কোনো অনুমোদিত ভ্যাকসিন বা অ্যান্টিভাইরাল চিকিৎসা নেই।  

ইত্তেফাক/এসকে