নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ডাকা লকডাউনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যানবাহন ও বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ এবং নাশকতার ঘটনায় তিনটি মামলা দায়ের হয়েছে। এতে মোট ৫৭ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে একটি মামলায় দুজনের নাম উল্লেখ করা হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম।
থানা সূত্রে জানা গেছে, তিনটি মামলার মধ্যে দুটি করেছেন ক্ষতিগ্রস্তরা এবং একটি মামলা করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত ১২ নভেম্বর রাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুঁড়ি এলাকায় চলন্ত সিএনজিতে যাত্রীবেশে থাকা দুর্বৃত্তরা আগুন দেয়। এ ঘটনায় সিএনজি চালক বাবুল মিয়া বাদী হয়ে অজ্ঞাত ২০ জনকে আসামি করে মামলা করেন।
অন্যদিকে, গত শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে সড়ক ও জনপথ (সওজ) কার্যালয়ের প্রধান ফটকের সামনে পার্কিং করে রাখা নাফ পরিবহনের একটি মিনিবাসে অগ্নিসংযোগের ঘটনায় মিনিবাসচালক সোহাগ মিয়া অজ্ঞাতপরিচয় ২০ জনকে আসামি করে মামলা করেছেন।
এ ছাড়া গত ১৩ নভেম্বর মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদানীনগর এলাকার ফুটওভারব্রিজে অগ্নিসংযোগের ঘটনায় হাতে-নাতে আটক এক ব্যক্তিসহ দুজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ১৫ জনকে আসামি করে মামলা করেন সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (এসআই) মফিজুর রহমান।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, তিনটি ঘটনার মধ্যে দুটি মামলার বাদী চালকরা আর একটি মামলার বাদী পুলিশ। এসব ঘটনায় তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
