সাভারে বাস ও পিকআপে আগুন

আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ২২:১৪

সাভারের আশুলিয়ায় পৃথক দুটি স্থানে শ্রমিক পরিবহনকারী একটি বাস ও কাঁচামাল বোঝাই একটি পিকআপ ভ্যানে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে কোনোটিতেই হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের সম্ভার ফিলিং স্টেশনের সামনে ‘সিমা সিমলা এন্টারপ্রাইজের’ শ্রমিক পরিবহনকারী একটি বাসে হঠাৎ আগুন ধরে যায়।

ওই বাসের মালিক জানান, পলাশবাড়ি এলাকা থেকে ডিইপিজেডের পোশাক কারখানার শ্রমিকদের নিতে যাচ্ছিল বাসটি। এ সময় বাসের পেছনের সিটে আগুন দেখা দিলে চালক দ্রুত গাড়ি থামিয়ে পুলিশের সহযোগিতা চান। পরে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের ডিউটিম্যান মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

অন্যদিকে একই দিন ভোরে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের বগাবাড়ি এলাকায় সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা একটি কাঁচামাল বোঝাই পিকআপ ভ্যানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে পিকআপে থাকা রসুন ও পেঁয়াজ পুড়ে গেলেও গাড়ির উল্লেখযোগ্য ক্ষতি হয়নি।

ইত্তেফাক/এপি