প্রস্তুতি ম্যাচ আজ

মাশরাফি-তামিমরাও খেলবেন

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৮, ২১:৫০

স্পোর্টস রিপোর্টার

টেস্ট সিরিজে বাংলাদেশের কাছে বিধ্বস্ত হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ২-০ তে টেস্ট সিরিজ হেরে যাওয়া ক্যারিবিয়ানরা এবার প্রস্তুত হচ্ছে ওয়ানডের জন্য। আগামী ৯ ডিসেম্বর শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তার আগে ৫০ ওভারের ক্রিকেটে মানিয়ে নিতে আজ প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। বিকেএসপিতে বিসিবি একাদশের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচটি শুরু হবে সকাল নয়টায়।

আজ প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের নেতৃত্ব দিবেন মাশরাফি বিন মুর্তজা। এশিয়া কাপের পর থেকে ম্যাচ খেলার বাইরে আছেন তিনি। ম্যাচটা খেলবেন তামিম ইকবালও। একই টুর্নামেন্ট থেকে চোট নিয়ে ফেরা তামিম পরে সাইড স্ট্রেইনের ব্যথায় ভুগেছেন। সুস্থ হয়ে গত কিছুদিন ব্যাটিং করেছেন। তবে ওয়ানডে সিরিজে নামার আগে প্রস্তুতি ম্যাচে নিজেকে ঝালিয়ে নিতেই খেলবেন এই বাঁহাতি ওপেনার।

এছাড়া ওয়ানডে দলে থাকা ইমরুল কায়েস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, আরিফুল হক, রুবেল হোসেন ও নাজমুল ইসলাম অপু থাকছেন বিসিবি একাদশে।

বিসিবি একাদশ: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, আরিফুল হক, রুবেল হোসেন, নাজমুল ইসলাম অপু, মেহেদি হাসান রানা, তৌহিদ হূদয়, মৃত্যুঞ্জয়, শাহীন আলম ও আকবর আলী।