ব্যাটে-বলে দুর্দান্ত বাংলাদেশ, ফলো-অনের শঙ্কায় আয়ারল্যান্ড 

আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ১৭:২৭

ঢাকা টেস্টে দ্বিতীয় দিন দুর্দান্ত কেটেছে বাংলাদেশের। ব্যাটে-বলে দাপট দেখিয়েছে স্বাগতিকরা। মুশফিকুর রহিম ও লিটন দাসের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪৭৬ রান করে টাইগাররা। দিনের শেষ বিকালেও আলো ছড়িয়েছেন বোলাররা। দলীয় একশো রানের আগেই আইরিশদের ৫ উইকেট তুলে নিয়েছে তারা। এতেই ফলো অনের শঙ্কায় পড়েছে আয়ারল্যান্ড। 

ঢাকা টেস্টে দ্বিতীয় দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে ৫ উইকেটে ৯৮ রান করেছে আয়ারল্যান্ড। এখনো বাংলাদেশের চেয়ে ৩৭৮ রানে পিছিয়ে তারা। ফলো-অন এড়াতে এখনো ১৭৯ রান প্রয়োজন সফরকারীদের। 

বাংলাদেশের ৪৭৬ রানের জবাবে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ডকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার অ্যান্ডি বালবির্নি ও পল স্টার্লিং। ৪১ রানের জুটি গড়েন তারা। তবে দ্রুতই তিন উইকেট হারায় তারা। 

স্টার্লিং ২৬ বলে ২৭, বালবির্নি ৬০ বলে ২১ ও কারমাইকেল ৫১ বলে ১৭ রান করে সাজঘরে ফিরে যান। দিনের শেষ দিকে আইরিশদের আরও দুই উইকেট তুলে নেয় টাইগার বোলাররা।

হ্যারি টেক্টর ৩৪ বলে ১৪ ও কার্টিস ক্যাম্ফার রানের খাতা খোলার আগেই আউট হন। দিন শেষে লোরকান টাকার ১১ ও স্টিফেন ডোহানি ২ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের পক্ষে হাসান মুরাদ নিয়েছেন ২টি উইকেট।

এর আগে ৯৯ রানে অপরাজিত থেকে প্রথম দিন শেষ করেছিলেন মুশফিক। দিনের শুরুতেই সেঞ্চুরি পূর্ণ করেন এই অভিজ্ঞ ক্রিকেটার। এতেই বিশ্বের ১১তম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন তিনি। আউট হওয়ার আগে ২১৪ বলে ১০৬ রান করেন মুশফিক। 

এ দিন সেঞ্চুরির দেখা পেয়েছেন লিটন দাসও। ১৯২ বলে ১২৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন এই উইকেটরক্ষক ব্যাটার। 

ইত্তেফাক/জেডএইচ