নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছাত্রদল নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার সদর পৌরসভার নোয়াপাড়া গ্রামে উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রাসেল মোল্লার বাড়িতে এ ডাকাতি সংঘটিত হয়।
রাসেল মোল্লা জানান, রাত প্রায় ২টার দিকে ১৫-২০ জন মুখোশধারী ডাকাত তাদের বাড়িতে হানা দেয়।
তিনি বলেন, ‘আমি তখন জেগেই ছিলাম। ডাকাতদের দেখতে পেয়ে মোবাইলে আশপাশের লোকজনকে খবর দিই। মুহূর্তেই শত শত গ্রামবাসী ছুটে আসে। এক পর্যায়ে ডাকাতদের সঙ্গে গ্রামবাসীর মুখোমুখি পরিস্থিতি সৃষ্টি হয়। এ সময় ডাকাতদল ৪-৫টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করে। যাওয়ার আগে তারা রাসেল মোল্লার মা রহিমা বেগমকে কুপিয়ে আহত করে এবং তার ব্যবহৃত ১ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।’
আড়াইহাজার থানার ওসি (তদন্ত) সাইফউদ্দিন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

