পাবনার ফরিদপুর উপজেলায় বৃহস্পতিবার গভীর রাতে বিএনপির কার্যালয়ে হামলা, ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। রাত সাড়ে ১২টার দিকে দুর্বৃত্তরা হঠাৎ এ হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে।
উপজেলা বিএনপির আহ্বায়ক জহুরুল ইসলাম জানান, রাতে দলীয় নেতা-কর্মীরা কার্যালয় বন্ধ করে চলে যাওয়ার পর দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে গুলিবর্ষণ শুরু করে। তারা প্রথমে কার্যালয়ের দরজা ভেঙে ভেতরে ঢোকে এবং চেয়ার-টেবিল ভাঙচুর করে দ্রুত পালিয়ে যায়।
তিনি আরও বলেন, ‘আমাদের মধ্যে দলীয় কোনো বিভেদ, গ্রুপিং বা কোনো ঝামেলা নেই। শেখ হাসিনার ফাঁসির রায় হওয়ার পর আওয়ামী দুষ্কৃতকারীরা এ ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুলিশকে জানানোর পর তারা রাতে এবং আজ শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে ককটেল ও গুলির আলামত সংগ্রহ করেছে।’
ফরিদপুর থানার ওসি শাকিউল আজম জানান, খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
