শান্তি পুরস্কার নিতে ভেনেজুয়েলা ত্যাগ করলে নোবেলজয়ী মাচাদো ‘পলাতক’ হবেন

আপডেট : ২১ নভেম্বর ২০২৫, ১৬:৪৩

ভেনেজুয়েলার পশ্চিমা-সমর্থিত নেত্রী মারিয়া করিনা মাচাদো যদি নোবেল শান্তি পুরস্কার গ্রহণের জন্য নরওয়ে ভ্রমণ করেন, তবে তাকে 'পলাতক' হিসেবে বিবেচনা করা হবে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দেশটির অ্যাটর্নি জেনারেল এএফপিকে এ কথা বলেছেন।

বিভিন্ন প্রতিবেদন অনুসারে, গ্রেপ্তার এড়াতে মাচাদো ভেনেজুয়েলায় 'আত্মগোপনে' আছেন। তিনি ১০ ডিসেম্বরের অনুষ্ঠানে যোগ দিতে নরওয়ে ভ্রমণের ইচ্ছা প্রকাশ করেছেন।

অ্যাটর্নি জেনারেল তারেক উইলিয়াম সাব বলেন, অসংখ্য ফৌজদারি তদন্তের কারণে তাকে পলাতক হিসেবে বিবেচনা করা হচ্ছে। তার বিরুদ্ধে ষড়যন্ত্র, ঘৃণার উস্কানি, সন্ত্রাসবাদের অভিযোগ রয়েছে।

তিনি আরও বলেন, ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী মোতায়েনের প্রতি সমর্থনের জন্যও মাচাদোর বিরুদ্ধে তদন্ত চলছে।

সেই সঙ্গে তিনি ভেনেজুয়েলার সেনাবাহিনীকে পক্ষ পরিবর্তন করে নিকোলাস মাদুরোর বিরুদ্ধে 'বিদ্রোহ' করতেও উৎসাহিত করার চেষ্টা করছেন।

প্রসঙ্গত, তথাকথিত 'গণতান্ত্রিক প্রচেষ্টা'র জন্য গত অক্টোবরে ৫৮ বছর বয়সী এই নারীকে নোবেল শান্তি পুরস্কারের জন্য নাম ঘোষণা করা হয়। তিনি দীর্ঘদিন ধরে পশ্চিমা-সমর্থিত সরকারগুলোর মদদে  মাদুরোর সরকারের বিরুদ্ধে কথা বলে আসছেন। তিনি সরকার উৎখাত করার প্রচেষ্টায় যুক্ত।

ইত্তেফাক/এসকে