বিয়ের দাওয়াত না দেওয়ায় ঝিনাইদহে সংঘর্ষ, আহত ১০

আপডেট : ২২ নভেম্বর ২০২৫, ১২:১৮

ঝিনাইদহের সদর উপজেলার বাকড়ি গ্রামে বিয়েতে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

শনিবার (২২ নভেম্বর) সকালে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে; তাদের নাম এখনও জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২১ নভেম্বর) রফিকুল ইসলামের মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিল। প্রতিবেশী শাহিন উদ্দিনকে বিয়েতে দাওয়াত না দেওয়ায় রাতেই এলাকায় উত্তেজনা দেখা দেয়। শনিবার সকালে শাহিনের পক্ষের লোকজন রফিকুলের বাড়িতে হামলা চালায়। এরপর দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উত্তেজনা রোধে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ইত্তেফাক/এএইচপি