নাতি-নাতনির সঙ্গে গল্প করছিলেন, ভূমিকম্পে দেয়াল ধসে বৃদ্ধের মৃত্যু

আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ১২:২৫

নরসিংদীর পলাশ উপজেলায় ভূমিকম্পের সময় মাটির ঘরের দেয়াল ধসে পড়ে কাজম আলী ভূঁইয়া (৭৫) নিহত হয়েছেন। মৃত্যুর আগমুহূর্তে তিনি নাতি-নাতনির সঙ্গে গল্প করছিলেন।

নিহতের ছেলে সজল ভূঁইয়া জানান, কাজম আলী ভূঁইয়া সাধারণত ফাঁকা থাকা মাটির ঘরের দরজার ভেতরে বসে নাতি-নাতনিদের খেলা দেখছিলেন। ভূমিকম্প শুরু হলে নাতি-নাতনিরা দ্রুত সরে গেলেও বৃদ্ধ বাবা বয়সের কারণে বের হতে পারেননি। এই সময় ঘরের একটি দেয়াল ধসে পড়ে তার ওপর, যার ফলে তিনি গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসক ১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে স্থানান্তরের পরাহার দেন। জেলা হাসপাতালে পৌঁছানোর সময় দুপুর ১২টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ছেলে মনির হোসেন ভূঁইয়া বলেন, হাসপাতালে নেওয়ার সময়ও বাবা তাদের মাথায় হাত বুলিয়ে যাচ্ছিলেন।

কাজম আলী ভূঁইয়ার জানাজা শুক্রবার বাদ মাগরিব নিজ বাড়ির মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় শত শত মানুষ অংশ নেন এবং পরে তাকে পাশের সামাজিক কবরস্থানে দাফন করা হয়।

ইত্তেফাক/এএইচপি