মুগদায় হেলে পড়া ভবনের নিচের দোকান সিলগালা করেছে রাজউক

আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ১৯:৩৬

রাজধানীর মুগদা এলাকায় ঝুঁকিপূর্ণ ও হেলে পড়া একটি ভবনের নিচতলায় থাকা দোকান সিলগালা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। রোববার (২৩ নভেম্বর) দুপুরে রাজউকের জোন–৬/১-এর একটি দল এ অভিযান পরিচালনা করেন।

রাজউক সূত্রে জানা যায়, সাম্প্রতিক ভূমিকম্পে ভবনটি হেলে পড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর মধ্যে ভবনের নিচতলার কয়েকটি দোকান চলমান থাকায় ঝুঁকি আরও বেড়ে যায়। পরিস্থিতি বিবেচনায় জনগণের নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে দোকানগুলো সিলগালা করা হয়।

অভিযানে নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন বলেন, ঝুঁকির সম্ভাবনা থাকায় ভবন মালিককে ১৫ দিনের মধ্যে ডিটেল্ড ইঞ্জিনিয়ারিং এসেসমেন্ট (ডিইএ) রিপোর্ট দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, একই অভিযানে একটি নির্মাণাধীন ভবনের প্যারাপেট ওয়াল ধসে একজন নিরাপত্তাকর্মীর মৃত্যুর ঘটনায় ভবনটির নির্মাণ কাজ বন্ধ ঘোষণা করা হয়। পাশাপাশি ভবনটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ভূমিকম্পের পর থেকেই তারা ভবনটি নিয়ে আতঙ্কে ছিলেন। রাজউকের এ অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেছেন।

মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাজউকের অথরাইজড অফিসার আবদুল্লাহ আল মামুন, সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক ও অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ইত্তেফাক/এসএএস