বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফ্রি অনলাইন কোর্সে ২০টি ভাষা শেখার সুযোগ

আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ০৯:৪৫

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) তাদের বিনামূল্যের অনলাইন শিক্ষামূলক প্ল্যাটফর্ম OpenWHO-কে আবার নতুনভাবে উন্মুক্ত করেছে। বিশ্বের সব দেশের মানুষের জন্য সম্পূর্ণ উন্মুক্ত এই প্ল্যাটফর্মটি দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক স্বাস্থ্য পরিস্থিতিতে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যেই পুনর্গঠিত করা হয়েছে।

সংস্থাটির দেওয়া তথ্যমতে, ২০২৫ সালকে সামনে রেখে প্ল্যাটফর্মটিতে বড় ধরনের সংস্কার আনা হয়েছে। ব্যবহারকারীর সুবিধা বাড়াতে বাতিল করা হয়েছে বাধ্যতামূলক সাইন-আপ, রেজিস্ট্রেশন ও সার্টিফিকেট নেওয়ার শর্ত। এখন যে কেউ সহজেই ভিডিও লেকচার, স্লাইড এবং অন্যান্য শিক্ষণ উপকরণে প্রবেশ করতে পারবেন—এটিই নতুন কাঠামোর মূল লক্ষ্য।

কোর্সে কী থাকছে

OpenWHO বর্তমানে ২০টিরও বেশি ভাষায় কোর্স পরিচালনা করে। বেসিক, ইন্টারমিডিয়েট ও অ্যাডভান্সড—এই তিন স্তরে সাজানো কোর্সগুলোতে রয়েছে স্বাস্থ্যঝুঁকি ব্যবস্থাপনা, জরুরি পরিস্থিতি প্রস্তুতি, মহামারি প্রতিরোধ, সামাজিক প্রচার কার্যক্রমসহ বিভিন্ন জরুরি জনস্বাস্থ্যবিষয়ক পাঠ।

WHO জানায়, এসব কোর্স শুধু জ্ঞান বাড়ায় না, বরং বিশ্বস্বাস্থ্য উন্নয়নে কাজ করার মানসিকতায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করে। বিশ্বের যেকোনো ব্যক্তি ঘরে বসেই বিশেষজ্ঞদের তৈরি কোর্সে অংশ নিয়ে নিজের পেশাগত দক্ষতা উন্নত করতে পারেন।

OpenWHO–তে অংশগ্রহণে কোনো বয়স, ফি, একাডেমিক যোগ্যতা বা জাতীয়তার বাধা নেই। মেডিকেল শিক্ষার্থী থেকে শুরু করে যে কোনো পেশার আগ্রহী ব্যক্তি স্বনির্ধারিত (self-paced) এসব কোর্স করতে পারবেন। প্রয়োজন শুধু একটি কম্পিউটার ও ভালো ইন্টারনেট সংযোগ।

জেনেভা-ভিত্তিক বিশ্ব স্বাস্থ্য সংস্থা বহুদিন ধরেই বৈশ্বিক জনস্বাস্থ্যের উন্নয়নে কাজ করছে। তাদের অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম OpenWHO–কে পুনরায় উন্মুক্ত করা সেই দীর্ঘমেয়াদি লক্ষ্য পূরণের আরেকটি পদক্ষেপ।

আবেদনের বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

ইত্তেফাক/আইএ