আওয়ামী লীগ নেতার বাড়িতে চোর সন্দেহে রাজমিস্ত্রিকে পিটিয়ে হত্যার অভিযোগ

আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ১৫:২৪

নারায়ণগঞ্জের বন্দরের সোনাচড়া এলাকায় পারভেজ (৩৫) নামে এক রাজমিস্ত্রিকে স্থানীয় আওয়ামী লীগ নেতার বাড়িতে চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার (২৪ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। পরে সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত পারভেজ সিদ্ধিরগঞ্জের তারা মিয়ার ছেলে। তিনি স্ত্রীসহ বন্দরের সোনাচড়া এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন।

নিহত পারভেজের স্ত্রী খাদিজা বেগম জানিয়েছেন, তার স্বামী পারভেজকে বন্দর থানার আওয়ামী লীগ সভাপতি এম এ রশিদের ভাই মেছের আলী পারভেজকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে তাদের নির্মাণাধীন ভবনের পিলারের সঙ্গে বেঁধে মেছের আলী, তার ছেলে মাহিন, স্ত্রী হাজেরা ও আরও ৫-৬ জন মিলে তাকে হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করে। পারভেজ পানি চাইলেও তাকে আরও মারধর করা হয়। পরে ঘটনাস্থলে পারভেজের মৃত্যু হয়।

খাদিজা বেগম বলেন, আমরা অনেক আকুতি-অনুরোধ করেছি, কিন্তু আমার স্বামীকে তাদের হাত থেকে বাঁচাতে পারিনি।

পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে মেছের আলীর বাড়িতে পুলিশ গিয়ে কাউকে পায়নি; অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন।

বন্দর থানার ওসি লিয়াকত আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পারভেজ নামে এক যুবককে চোর আখ্যা দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইত্তেফাক/এপি