সব টাকা ফেরত দেব, দয়াকরে নিন :বিজয় মাল্য

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৮, ২১:৫২

বিজয় মাল্যকে ভারতে প্রত্যর্পণ করা হবে কিনা, যুক্তরাজ্যের আদালতে সেই মামলায় গুরুত্বপূর্ণ রায় আর ঠিক পাঁচ দিন পরেই। ঠিক তার আগে বিভিন্ন ভারতীয় ব্যাংকের থেকে নেওয়া সব টাকা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন দেশ থেকে ‘পলাতক’ ধনকুবের ও শিল্পপতি বিজয় মাল্য। এই আবেদন তিনি রেখেছেন সোশ্যাল মিডিয়াতে। খবর আনন্দবাজার পত্রিকা

এই মুহূর্তে ঋণখেলাপি মামলায় অভিযুক্ত ভারতীয় শিল্পপতি বিজয় মাল্য। বিভিন্ন ব্যাংকের কাছ থেকে প্রায় ৯০০০ কোটি টাকা ঋণ নেওয়ার পর তা শোধ না করে দুই বছর আগে দেশ ছেড়েছিলেন তিনি। এরপরই তার বিরুদ্ধে টাকা তছরুপের দায়ে একযোগে মামলা করে সবগুলো ব্যাংক। পাশাপাশি গত বছরই তাকে দেশে ফেরাতে যুক্তরাজ্যের কাছে আবেদন জানায় ভারত। লন্ডনের আদালতে সেই মামলার গুরুত্বপূর্ণ রায় হতে পারে আগামী ১০ ডিসেম্বর। তার আগেই সোশ্যাল মিডিয়ায় হাজির হলেন ঋণখেলাপি মামলায় অভিযুক্ত এই ভারতীয় ধনকুবের।

মাল্যর দাবি, তাকে বিনা কারণে অভিযুক্ত করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন, জ্বালানির দাম বেড়ে যাওয়ার কারণেই লোকসান করতে শুরু করেছিল কিংফিশার এয়ারলাইন্সের। জ্বালানি কিনতেই সব টাকা খরচ হয়ে যাচ্ছিল। আমি আগেও ব্যাংকগুলোকে সব টাকা ফেরত দেওয়ার কথা জানিয়েছিলাম।

অন্য আরেকটি টুইটে তিনি জানিয়েছেন, রাজনৈতিক দল ও বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, আমি টাকা নিয়ে পালিয়েছি। এই কথা ঠিক নয়। পুরো বিষয়টি খুবই দুঃখজনক। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও তিনি জানিয়েছিলেন, তাকে অযথা ব্যাংক দুর্নীতির পোস্টার বয় বানিয়ে দিচ্ছে সংবাদ মাধ্যম। সেই একই কথা এবার সোশ্যাল মিডিয়াতেও জানাতে শুরু করলেন এই লিকার ব্যারন।

আইনজীবী মহলের খবর, বিভিন্ন মামলার জেরে এই মুহূর্তে বেশ কোনঠাসা বিজয় মাল্য। তাকে ভারতে প্রত্যর্পণ করবে যুক্তরাজ্য—এই সম্ভাবনা ক্রমশই জোরালো হচ্ছে।