বিয়ে বাড়ির খাবার খেয়ে একজনের মৃত্যুর অভিযোগ , হাসপাতালে ভর্তি ১৭

আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ১৫:৪৪

নওগাঁর ধামইরহাটে বিয়ে বাড়ির খাবার খেয়ে অসুস্থ হয়ে মোজাফফর হোসেন (৩৮) নামে একজনের মৃত্যুর অভিযোগ উঠেছে। একই ঘটনায় অসুস্থ হয়ে ১৭ জন হাসপাতালে ভর্তির খবর পাওয়া গেছে।

রোববার (২৩ নভেম্বর) রাতে উপজেলার আগ্রাদ্বিগুন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোজাফফর ওই গ্রামের দলিল উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, রোববার রাতে আমিরুল ইসলামের মেয়ের বিয়ের অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক লোকের খাবারের আয়োজন করা হয়েছিল। খাবার গ্রহণের কিছুক্ষণ পরই অতিথিদের অনেকে প্রচণ্ড পেটব্যথা, বমি ও মাথা ঘোরা অনুভব করেন।

রাতভর অসুস্থতা বাড়তে থাকলে সোমবার (২৪ নভেম্বর) সকালে একে একে সবাইকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।সেখানে অবস্থার অবনতি হলে মোজাফফর হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। তবে রাজশাহী নেওয়ার পথেই তিনি মারা যান।

পত্নীতলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদ সাইফুল্লাহ বলেন, পোলাও খাওয়ার পর অসুস্থ হয়ে ১৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এদের মধ্যে ১৭ জন এখনো ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। একজন রাজশাহী যাওয়ার পথে মারা গেছেন বলে জেনেছি। প্রাথমিকভাবে মনে হয়েছে এটি খাদ্যে বিষক্রিয়ার প্রভাবে হয়েছে।

ইত্তেফাক/এএইচপি