g বিবিসি
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশ পাপুয়ায় বন্দুকধারীরা অন্ততপক্ষে ২৪ নির্মাণ শ্রমিককে হত্যা করেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। রবিবারের ওই হত্যাকাণ্ডের ঘটনা তদন্তের জন্য সোমবার পুলিশ ও নিরাপত্তা বাহিনীর একটি দল ঘটনাস্থলে পাঠানো হলে এক সৈন্যকে গুলি করে হত্যা করা হয় বলে জানিয়েছে ইন্দোনেশীয় কর্তৃপক্ষ।
নিহত শ্রমিকরা পাপুয়ার প্রত্যন্ত পর্বতময় অঞ্চল এনডুগাতে সড়ক ও সেতু নির্মাণের কাজ করছিল। এ হত্যাকাণ্ডের জন্য পাপুয়ার বিচ্ছিন্নতাবাদী যোদ্ধাদের দায়ী করেছে পুলিশ। স্বাধীনতার ডাক দেওয়া বিচ্ছিন্নতাবাদীরা কয়েক দশক ধরে পাপুয়ায় তত্পরতা চালাচ্ছে। সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল মুহাম্মদ আইদি জানিয়েছেন, ১ ডিসেম্বর তাদের স্বাধীনতা দিবস হবে বলে মনে করে একটি ‘সশস্ত্র বেআইনি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী’, তাদের এই দিবস পালনকালে ঘটনার সূত্রপাত। জানা গেছে, নির্মাণ কোম্পানি পিটি ইস্তাকা কারিয়ার এক শ্রমিক ওই গোষ্ঠীর একটি ছবি তোলায় তারা ক্ষিপ্ত হয়ে শ্রমিকদের ওপর হামলা করে। নিহত শ্রমিকদের লাশগুলো যে সেতুটি তারা নির্মাণ করছিল তার কাছে পাওয়া গেছে বলে জানিয়েছেন তিনি। ঘটনা তদন্তে সোমবার পুলিশ ও সেনাদের একটি দল ওই এলাকায় গেলে বিচ্ছিন্নতাবাদীরা তাদেরও লক্ষ্য করে গুলি ছোঁড়ে, এতে এক সৈন্য নিহত ও অপর একজন আহত হয়েছেন বলে জানিয়েছেন কর্নেল আইদি।
