রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-সমর্থিত শান্তি পরিকল্পনার খসড়া নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) কিরগিজস্তানে রাষ্ট্রীয় সফর চলাকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, এটি ভবিষ্যতের কোনো চুক্তির ভিত্তি হিসেবে কাজ করতে পারে এবং রাশিয়া গুরুত্বপূর্ণ আলোচনার জন্য প্রস্তুত আছে।
তিনি স্বীকার করেছেন, আলোচনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র রাশিয়ার অবস্থানকে বিবেচনায় নিয়েছে, তবে কিছু বিষয় এখনো চূড়ান্ত করা বাকি আছে। খসড়া পরিকল্পনাটির বিষয়ে পুতিন বলেন, ‘সাধারণভাবে আমরা একমত যে এটি ভবিষ্যৎ চুক্তিগুলোর ভিত্তি হতে পারে।’ আরও আলোচনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ শিগগিরই মস্কো সফর করবেন বলেও উল্লেখ করেন পুতিন। তিনি বলেন, রাশিয়ার নিয়ন্ত্রণাধীন দনবাস ও ক্রিমিয়া অঞ্চলের বিষয়টি আলোচনায় গুরুত্ব পাবে।
গত সপ্তাহে ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য যুক্তরাষ্ট্রের ২৮ দফা শান্তি পরিকল্পনার খসড়া ফাঁস হয়ে যায়। তখন মনে করা হচ্ছিল যে, প্রস্তাবটি কার্যকর হলে রাশিয়া বেশি সুবিধা পাবে। এতে ইউক্রেনকে রাশিয়ার কাছে গুরুত্বপূর্ণ এলাকার নিয়ন্ত্রণ ছাড়তে এবং ন্যাটোতে যোগদানের আকাঙ্ক্ষা বাদ দিতে বলা হয়েছিল। পরে ইউক্রেনের সঙ্গে আলোচনার ভিত্তিতে পরিকল্পনায় কিছু পরিবর্তন আনা হয়েছে।
ইউক্রেনের মুখ্য উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই কিসলিৎস্যা বলেন, সংশোধিত সংস্করণে ইউক্রেনের সেনাবাহিনীতে ছয় লাখ সদস্যের সীমারেখা তুলে দেওয়া হয়েছে এবং যুদ্ধাপরাধীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণার বিষয়টিও বাতিল করা হয়েছে।
এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং তার চিফ অব স্টাফ আন্দ্রি ইয়েরমাক উভয়েই নিশ্চিত করেছেন যে, যুদ্ধ বন্ধে জেনেভার বৈঠকে আলোচনা করা একটি রূপরেখা চূড়ান্ত করতে চলতি সপ্তাহে ইউক্রেন ও মার্কিন প্রতিনিধিদল বৈঠক করবে। তবে সর্বশেষ প্রস্তাবটির পূর্ণাঙ্গ বিবরণ এখনো প্রকাশ করা হয়নি। পুতিন তার মন্তব্যে বলেছেন, এই পরিকল্পনার ক্ষেত্রে উল্লেখ করার মতো কোনো চূড়ান্ত সংস্করণ এখনো নেই।
আপাতদৃষ্টিতে পুতিনকে যুদ্ধ বন্ধের বিষয়ে আন্তরিক মনে হলেও, তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে কিয়েভ যদি গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো ছেড়ে না দেয়, তাহলে রাশিয়া প্রায় চার বছর ধরে চলা এই যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত। পুতিন বলেন, ‘ইউক্রেনীয় সেনাদের তাদের দখলে থাকা অঞ্চলগুলো থেকে সরে যেতে হবে, তাহলেই লড়াই থেমে যাবে। যদি তারা না সরে, তাহলে আমরা সশস্ত্র উপায়ে এটি অর্জন করব। এটাই শেষ কথা।’
তিনি আরও দাবি করেন, রুশ বাহিনী বর্তমানে ইউক্রেনে আরও দ্রুত অগ্রসর হচ্ছে। রুশ নেতা বলেন, ভবিষ্যতের যেকোনো চুক্তিতে ইউক্রেনকে রাশিয়ার দখল করা অঞ্চলগুলোকে স্বীকৃতি দিতে হবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কেও তা মেনে নিতে হবে। তিনি আরও বলেন, ইউক্রেনের বর্তমান নেতৃত্বকে তিনি অবৈধ মনে করেন।
সূত্র: আল জাজিরা
