খালিয়াজুরী-প্রসাদপুর সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, চলতে হয় নৌকায়

আপডেট : ২৮ নভেম্বর ২০২৫, ১৩:৩৪

নেত্রকোনার খালিয়াজুরী-প্রসাদপুর সড়কের কাদিরপুরকান্দা এলাকার চিতাখলা খাল অংশে প্রায় ৪০০ ফুট সড়ক ভেঙে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। সড়ক ভাঙনের কারণে কৃষ্ণপুর ও খালিয়াজুরী সদর ইউনিয়নের অন্তত ২০ হাজার মানুষকে দৈনন্দিন চলাচলে নৌকা ব্যবহার করতে হচ্ছে।

স্থানীয়রা অভিযোগ করেছেন, এই সাব-মার্জেবল সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নির্মাণ করলেও বর্ষার সামান্য পানির তোড়ে মাত্র তিন মাসের মাথায় ভেঙে পড়েছে। এ কারণে সড়কের নিম্নমানের নির্মাণকাজের দোষ রয়েছে বলে স্থানীয়রা মনে করছেন।

জানা গেছে, সড়কটির নির্মাণ কাজ ২০১৬-২০১৭ অর্থবছরে শেষ হয়। কিন্তু পরের বছরই সড়কের বেশ কয়েকটি অংশে বড় ধরনের ভাঙন দেখা দেয়। বরাদ্দের অভাবে এ পর্যন্ত কোনো মেরামত সম্ভব হয়নি। সড়কটি শুধু স্থানীয় গ্রামগুলোর চলাচলের জন্য গুরুত্বপূর্ণ নয়; এটি সিলেট ও ময়মনসিংহ বিভাগের একটি বিকল্প সংযোগ সড়ক হিসেবেও ব্যবহৃত হয়। 

কৃষ্ণপুর গ্রামের স্থানীয় ব্যক্তি ও দৈনিক পত্রিকার সম্পাদক ফারুক তালুকদার জানান, “প্রতিদিন হাজারো মানুষ এই সড়ক ব্যবহার করে। হাওর এলাকার বৃহত্তর যোগাযোগ ব্যবস্থার সঙ্গে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দ্রুত মেরামতের উদ্যোগ নিতে হবে।”

বর্তমানে ভাঙনস্থলে মানুষ একটি ছোট নৌকা ব্যবহার করছেন। নৌকায় একসঙ্গে সাত-আট জনের বেশি উঠলে ডুবে যাওয়ার ঝুঁকি থাকে। 

কাদিরপুর গ্রামের বাসিন্দা রবীন্দ্র সরকার জানান, “২৩ নভেম্বর আমার ছেলে নৌকা থেকে পড়ে গেছে। প্রতিদিন এমন ঝুঁকির মধ্যে মানুষ উপজেলা সদরে যাচ্ছে।”

এ বিষয়ে খালিয়াজুরী উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. আওলাদ হোসেন জানান, সড়কের প্রায় ১৪ কিলোমিটার অংশই মেরামতের প্রয়োজন। গত অর্থবছরে সড়ক সংস্কারের প্রস্তাব উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এএইচপি