ব্রাসেলসে ন্যাটো পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক ‘এড়িয়ে যাবেন’ রুবিও

আপডেট : ২৯ নভেম্বর ২০২৫, ১৫:৪৯

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ সপ্তাহে ব্রাসেলসে ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগদান না করার পরিকল্পনা করছেন। দুই মার্কিন কর্মকর্তার বরাতে রয়টার্স এ খবর জানিয়েছে। একটি গুরুত্বপূর্ণ ট্রান্সআটলান্টিক সমাবেশে শীর্ষ মার্কিন কূটনীতিকের অনুপস্থিতি 'অত্যন্ত অস্বাভাবিক' বলে মনে করা হচ্ছে।

নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে একজন কর্মকর্তা রয়টার্সকে জানান, রুবিওর পরিবর্তে ডেপুটি সেক্রেটারি অফ স্টেট ক্রিস্টোফার ল্যান্ডাউ ব্রাসেলসে ওয়াশিংটনের প্রতিনিধিত্ব করবেন।

রয়টার্স বলছে, রুবিও কেন ৩ ডিসেম্বরের বৈঠকে যোগদান করবেন না, তা স্পষ্ট নয়। তবে তার পরিকল্পনা পরিবর্তনও হতে পারে।

তবে তার অনুপস্থিতির সম্ভাবনা এমন সময় দেখা যাচ্ছে- যখন যুক্তরাষ্ট্র ও ইউক্রেনীয় কর্মকর্তারা যুদ্ধ বন্ধে ট্রাম্প প্রশাসনের শান্তি প্রস্তাব নিয়ে আলোচনা করছেন। কিছু ইউরোপীয় কূটনীতিক অভিযোগ করছেন, এই আলোচনা থেকে তাদের বাদ দেওয়া হচ্ছে।

সাধারণত বছরে দুইবার ন্যাটো পররাষ্ট্রমন্ত্রীদের আনুষ্ঠানিক বৈঠক হয়। এসব বৈঠকে কোনো মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতি অত্যন্ত বিরল।

রয়টার্স জানিয়েছে, রুবিওর সম্ভাব্য অনুপস্থিতির বিষয়ে পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে তিনি বলেছেন, ট্রাম্প প্রশাসনের সময় ন্যাটো জোট 'সম্পূর্ণরূপে পুনরুজ্জীবিত' হয়েছে। তিনি উল্লেখ করেছেন, রুবিও সম্প্রতি সুইজারল্যান্ডে বেশ কয়েকজন ইউরোপীয় কর্মকর্তার সঙ্গে দেখা করেছেন।

এদিকে, যুদ্ধ শেষ করার জন্য ২৮-দফা পরিকল্পনার খসড়া গণমাধ্যমে আসার পর ইউক্রেনীয় এবং পশ্চিমা কিছু দেশ বলছে, পরিকল্পনার রাশিয়ার স্বার্থের পক্ষে কিছু ধারা অন্তর্ভুক্ত রয়েছে।

যুক্তরাষ্ট্র ন্যাটোর কার্যত নেতা। তবে ট্রাম্প বারবার এই জোটের 'প্রয়োজনীয়তা' নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তিনি মাঝে মাঝে পরামর্শ দিয়েছেন, তিনি কয়েক দশক ধরে চলা এই জোট থেকে তার দেশ বেরিয়ে আসতে পারে।

ইত্তেফাক/এসকে