ভাঙ্গায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ১৩:৪৪

ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা ইন্টারচেঞ্জে সোমবার (১ ডিসেম্বর) ভোরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে।  কমলা ভর্তি একটি মিনি ট্রাকের সঙ্গে লড়ি ট্রাকের এই সংঘর্ষে ঘটনাস্থলেই ফল ব্যবসায়ী মধুউল্লাহ (৫২) নিহত হন। 

নিহত মধুউল্লাহ চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার ধোপাখালি গ্রামের ছাত্তার মেম্বারের ছেলে।

স্থানীয়রা জানান, দুর্ঘটনায় মধুউল্লাহ গাড়ির মধ্যে আটকা পড়ে মারা যান। এ ঘটনায় সড়কের দুই পাশে ঘন্টাব্যাপী যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় ছোট ট্রাকের চালককে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. মামুন জানান, ফরিদপুরগামী কুরিয়ার সার্ভিসের জননী এন্টারপ্রাইজ-এর লড়ি ট্রাকের সঙ্গে চুয়াডাঙ্গা থেকে টেকেরহাট গামী কমলা বোঝাই ছোট ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ফল ভর্তি ছোট ট্রাকটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

তিনি আরও জানান, দুর্ঘটনায় ছোট ট্রাকের ভেতরে আটকা থাকা ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। এছাড়া চালক আশিকুল ইসলাম (২৯) ও গোপালগঞ্জ জেলার ঘোষেরচরের আকবর খাঁ গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। লড়ি ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছেন। পরে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইত্তেফাক/এএইচপি