বিপিএলের নিলামে দল পেয়ে ইতালির ক্রিকেটারের চমক

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ১৬:০৮

শেষ হয়েছে বিপিএলের ১২তম আসরের ক্রিকেটার নিলাম। রোববার (৩০ নভেম্বর) রাজধানীর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত হয় নিলাম। সেখানে বিদেশি ক্রিকেটার নিতে খুব একটা আগ্রহ দেখায়নি ফ্র্যাঞ্চাইজিগুলো। এরই মাঝে চমক দেখিয়েছেন ইতালির হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা বাঁহাতি ওপেনার এমিলিও গে।

১০ হাজার ডলারে ইতালির এই ক্রিকেটারকে দলে নিয়েছে রংপুর রাইডার্স। এতেই সবার মনে জেগেছে কৌতুহল। কে এই ইতালিয়ান ক্রিকেটার? এত বিদেশি তারকার ভিড়ে তাকেই কেন দলে ভেড়ালো রংপুর?

এমিলিও গে ইতালির হয়ে খেললেও তার জন্ম ইংল্যান্ডে। ইতালির হয়ে তিনি খেলেছেন মাত্র ৭ ম্যাচ—চারটি ওয়ানডে আর তিনটি টি–টোয়েন্টি। গত নভেম্বরে ইতালির হয়ে চারটি ওয়ানডে খেলেন, আর চারটিতেই করেন ফিফটি।

গত জুলাইয়ে টি–টোয়েন্টি অভিষেক হয় এমিলিওর। দ্বিতীয় ম্যাচেই স্কটল্যান্ডের বিপক্ষে খেলেন ৫০ রানের ইনিংস। ইতালির হয়ে তার তিন ম্যাচই ছিল টি–টোয়েন্টি বিশ্বকাপের ইউরোপ আঞ্চলিক ফাইনালের অংশ।

২৫ বছর বয়সী এমিলিওর জন্ম ইংল্যান্ডের বেডফোর্ডে। মায়ের পরিবার ইতালির, বাবার পরিবার গ্রেনাডার। মায়ের পরিচয়ের কারণেই তিনি ইতালির হয়ে খেলতে পারছেন। তবে তার লক্ষ্য ইংল্যান্ডের হয়ে খেলা। 

কাউন্টি ক্রিকেটে নিয়মিত মুখ এমিলিও। প্রথম শ্রেণির ক্রিকেটে ৬৭ ম্যাচে করেছেন ৪,১৫০ রান, গড় ৩৭.৩৮। সেঞ্চুরি আছে ১০টি। সর্বোচ্চ ইনিংস ২৬১ রানের। বর্তমানে খেলছেন ইংলিশ ক্লাব ডারহামের হয়ে।

ইতালির হয়ে খেলার কারণ জানিয়ে গত বছরের শেষ দিকে স্কাই স্পোর্টসে দেওয়া এক সাক্ষাৎকারে এমিলিও বলেন, ‘আমার লক্ষ্য ছিল লাল বলের ক্রিকেটে দাপট দেখানো। কাউন্টি ক্রিকেটে এখন আমি প্রতিষ্ঠিত। তাই সাদা বলের ক্রিকেটেও উন্নতি করতে চাই। সে কারণেই ইতালির হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছি।’

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) নিয়ম অনুযায়ী, কোনো ব্রিটিশ নাগরিক ইংল্যান্ড ছাড়া অন্য কোনো পূর্ণ সদস্যদেশের হয়ে অনূর্ধ্ব-১৭ বা তার ওপরে খেললে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করতে পারবেন না। কিন্তু সহযোগী দেশ হলে ভিন্ন কথা। ইতালি সহযোগী দেশ। তাই ইংল্যান্ডের হয়ে খেলার এখনও সুযোগ আছে এমিলিওর সামনে। 

 
ইত্তেফাক/জেডএইচ