গণতান্ত্রিক উত্তরণের জন্য কেবল নির্বাচনই যথেষ্ট নয়: বদিউল আলম মজুমদার

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ১৬:৩৭

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, গণতান্ত্রিক উত্তরণের জন্য কেবল নির্বাচনই যথেষ্ট নয়। এর জন্য প্রয়োজন আইনি, প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত সংস্কার। অতীতে বেশ কয়েকটা নির্বাচন হয়েছে, যেগুলোকে সুষ্ঠু-নিরপেক্ষ বলা যায়। কিন্তু এর মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণ ঘটেনি।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ: নাগরিক ভাবনা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি। 

বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচনী ব্যবস্থায় দুর্বৃত্তায়ন হয়েছে। অনেক খারাপ ব্যক্তি সংসদে গিয়ে নির্বাচনী ব্যবস্থাকে কলুষিত করেছেন। এসব কারণে রাজনৈতিক অঙ্গন অপরিচ্ছন্ন হয়েছে। রাজনীতিবিদ, একশ্রেণির আমলা ও ব্যবসায়ী—এই তিন শক্তির আঁতাতে বড় দুর্নীতি হয়। এমন অবস্থার পরিবর্তনের জন্য আইনি, প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত সংস্কারের প্রয়োজন।

সুজনের সহসভাপতি অবসরপ্রাপ্ত বিচারপতি এম এ মতিনের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য দেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী, আলোকচিত্রী শহিদুল আলম, নির্বাচনবিশেষজ্ঞ জেসমীন টুলী প্রমুখ।

ইত্তেফাক/এসএএস