বুধবার মাগুরায় বিশ্ব মানবিক মর্যাদা দিবস উপলক্ষে সমমর্যাদার দাবিতে মানববন্ধন করেছেন দলিতরা। বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন মাগুরা জেলা শাখা ও দলিত সমাজকল্যাণ ফাউন্ডেশন মাগুরা এর আয়োজন করে। শহরের চৌরঙ্গী মোড়ে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ডা. কাজী তাসুকুজ্জামান, সভাপতি বলরাম বসাক, বিডিআরএম মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস মন্টু প্রমুখ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান: চাঁপাইনবাবগঞ্জে বৈষম্য বিলোপ আইন দ্রুত প্রণয়নসহ ৮ দফা দাবিতে মানববন্ধন হয়েছে। বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলন জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে। দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর সদস্যরা চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন পালন করেন। এ সময় বক্তব্য দেন, সংগঠনের উপদেষ্টা মো. সাজেমান মন্ডল, মো. শরিফুল্লাহ, সংগঠনটির সভাপতি ব্রহ্মনাথ ঠাঁকুর বারমা, সম্পাদক দেব সাগর ঠাকুর প্রমুখ। এ সময় সংহতি প্রকাশ করে বক্তব্য দেন, জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির ও চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান।
