আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে নানা আয়োজন

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৮, ২১:৫৬

ইত্তেফাক ডেস্ক

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বুধবার বিভিন্ন স্থানে মানববন্ধন, আলোচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

রংপুর: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে ধর্ষণ ও যৌন হয়রানির ঘটনা প্রতিরোধে সংঘটিত ঘটনাসমূহের সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তসহ দ্রুত বিচারের দাবিতে রংপুরে মানববন্ধন হয়। নগরীর কাচারী বাজারের জিরো পয়েন্টে বাংলাদেশ মহিলা পরিষদ রংপুর আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি হাসনা চৌধুরী। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ রংপুরের সাধারণ সম্পাদক রুম্মানাজামান, লি:এইড এর পরিচালক এ্যাড. ফারজানা সরকার, সদস্য মঞ্জুশ্রী সাহা,  পেশাজীবী ফোরামের সভাপতি এ্যাড. কামীমা আখতার শিরিন প্রমুখ।

গাইবান্ধা: বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখা জেলা প্রশাসক সেবাষ্টিন রেমা ও পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়ার কাছে পৃথক দু’টি স্মারকলিপি প্রদান করে। ধর্ষণ ও যৌন হয়রানির ঘটনা প্রতিরোধে সংঘটিত ঘটনাসমূহের সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তসহ দ্রুত বিচারের দাবিতে এই স্মারকলিপি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শাখার সভাপতি আমাতুর নুর ছড়া, সহ-সভাপতি মায়া রাণী পোদ্দার, শংকরী দেব প্রমুখ।

নিয়ামতপুর (নওগাঁ): নিয়ামতপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে গণনাটক, প্রতিবাদী চিত্রাংকন প্রতিযোগিতা, মেলা, পুরস্কার বিতরণ ও আলোচনা অনুষ্ঠানসহ দিনব্যাপী কর্মসূচি পালিত হয়। ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির উদ্যোগে জেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচিগুলো পালন করা হয়। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে “নারীর কথা শুনবে বিশ্ব, কমলা রঙে নতুন দৃশ্য”। দিনব্যাপি কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. এনামূল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ার বেগম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোঃ মাহফুজুল আলম প্রমুখ।

মধুখালী (ফরিদপুর)  :‘নারী নির্যাতন প্রতিরোধ সক্রিয় হউন, নির্যাতিত নারীর সহায়তায় এগিয়ে আসুন’— প্রতিপাদ্য বিষয়কে সামনে  রেখে বুধবার উপজেলা পরিষদের আয়োজনে এবং স্থানীয় সরকার বিভাগের কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার প্রকল্প (ইএএলজি)-এর সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক র্যালি বের হয়। র্যালিটি ঢাকা-খুলনা মহাসড়ক ঘুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইএএলজি প্রকল্পের ফরিদপুর জেলা কর্মকর্তা মোঃ মনির হোসেন মজুমদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পৃথ্বিজ কুমার দাস, মহিলাবিষয়ক কর্মকর্তা বেগম সুরাইয়া খাতুন, সমাজ সেবা অফিসার কল্লোল সাহা প্রমুখ।