বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে তৈরি সংকট উত্তরণের পরই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরামর্শ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সাংবাদিকদের এ কথা জানান।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা তৈরি হলে নির্বাচন কমিশনের কাজ সহজ হবে। “গণতন্ত্রের আপসহীন নেত্রী খালেদা জিয়া অসুস্থ। ফলে রাজনীতিতে সংকটময় পরিস্থিতি রয়েছে। এসব সংকট সমাধান করে তফসিল ঘোষণা করার অনুরোধ জানিয়েছি,” বলেন তিনি।
এ সময় তারা তফসিল পেছানোর কথা বলছেন কি না—এমন প্রশ্নে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “না, আমরা তফসিল পেছানোর কথা বলছি না। বলছি, সংকটগুলো সমাধান করে তফসিল দিন।”
দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, তফসিল ঘোষণার আগে রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল থাকা জরুরি। “সব দল যেন নির্বাচনী প্রস্তুতি শুরু করতে পারে—এমন পরিবেশ থাকলে সেটা কমিশন ও রাজনৈতিক দলগুলোর জন্যই ভালো।”
আগামী সপ্তাহেই তফসিল ঘোষণার পরিকল্পনা রয়েছে—এ বিষয়ে এনসিপি স্থিতিশীলতা দেখছে কি না জানতে চাইলে পাটওয়ারী বলেন, প্রবাসী ভোটারদের ব্যালট পাঠানো ও ফেরত আনার সময়সাপেক্ষ কাজের কারণেই কমিশন দ্রুত তফসিল দিতে চাইছে। তবে তারা রাজনৈতিক পরিবেশকেও বিবেচনায় রাখার অনুরোধ জানিয়েছেন। তাঁর বক্তব্য, “সব রাজনৈতিক দলই এ বিষয়ে একমত। আশা করি ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন হবে।”
খালেদা জিয়ার অসুস্থতা নির্বাচনের শিডিউলে প্রভাব ফেলবে কি না জানতে চাইলে তিনি বলেন, “না, প্রভাব পড়বে না। তিনি গণতন্ত্রের জন্য দীর্ঘদিন লড়াই করেছেন—সরকারও তাঁকে সম্মান করছে, আমরাও করছি। তার প্রতি সবার আবেগ–অনুভূতি আছে, এটা শুধু বিএনপিকেন্দ্রিক নয়।”
