টানা দুই সেঞ্চুরিতে শচীনকে ছুঁলেন কোহলি

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ১৫:৩১

রায়পুরে সেঞ্চুরি করে শচীন টেন্ডুলকারের আরেকটি রেকর্ডে ভাগ বসালেন ভারতীয় ব্যাটার বিরাট কোহলি। শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেললেন দুর্দান্ত এক ইনিংস। করলেন তার ৫৩তম ওয়ানডে সেঞ্চুরি। এটি চলমান সিরিজে কোহলির পরপর দ্বিতীয় শতক। 

রাঁচিতে প্রথম ওয়ানডেতে ১৩৫ রানের মহাকাব্যিক ইনিংস খেলেছিলেন কোহলি। রায়পুরে গতকাল সেই ধারাই ধরে রেখেছেন ভারতের এই কিংবদন্তি ব্যাটার। ৯০ বলে শতক স্পর্শ করেন তিনি। ওয়ানডে ক্যারিয়ারে এই নিয়ে ১১ বার পরপর দুই ইনিংসে সেঞ্চুরি করেছেন কোহলি। যা ক্রিকেট ইতিহাসে অন্য কোনো ব্যাটারের নেই।

ওয়ানডেতে শচীন টেন্ডুলকারের চেয়ে চারটি শতক বেশি নিয়ে সবার ওপরে তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে এটি তার ৮৪তম সেঞ্চুরি। যার মধ্যে ৩০টি টেস্টে ও ৫৩টি ওয়ানডেতে। টি-টোয়েন্টিতেও একটি সেঞ্চুরি করেছেন কোহলি।

এর আগে ভিন্ন ভিন্ন ভেন্যুতে  ৩৪টি ওয়ানডে সেঞ্চুরি হাঁকিয়ে এককভাবে শীর্ষে ছিলেন শচীন। গতকাল রায়পুরে সেঞ্চুরি করে সেই রেকর্ডে শচীনের পাশে বসলেন কোহলি।

ইত্তেফাক/জেডএইচ