খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে আইজিপি ও ডিএমপি কমিশনার

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ২৩:২৮

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে বৃহস্পতিবার রাত ৯টার আগে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

৮০ বছর বয়সী খালেদা জিয়া গত ১২ দিন ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত রোববার ভোরে তাঁকে এইচডিইউ থেকে সিসিইউতে নেওয়া হয়। হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ নানা দীর্ঘস্থায়ী অসুস্থতায় ভুগছেন তিনি। শ্বাসকষ্ট দেখা দেওয়ায় ২৩ নভেম্বর তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় এবং দেশি–বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে মেডিকেল বোর্ড তাঁর চিকিৎসা চালিয়ে যাচ্ছে।

এদিকে উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে। কাতারের আমির প্রদত্ত একটি এয়ার অ্যাম্বুলেন্সে তাকে লন্ডনে নেওয়া হবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এর আগে জানুয়ারিতে উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডনে যান এবং ছেলে তারেক রহমানের বাসাতেও কিছুদিন অবস্থান করেন। প্রায় চার মাস চিকিৎসা নিয়ে গত ৬ মে তিনি দেশে ফেরেন।

খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে নেতাকর্মীরা এভারকেয়ার হাসপাতালের সামনে জড়ো হচ্ছেন, এতে ওই এলাকায় যান চলাচলে ভোগান্তি তৈরি হচ্ছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতা–কর্মীদের ভিড় না করার আহ্বান জানিয়েছেন।

ইত্তেফাক/এএম