রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা
পুরোদমে বাজতে শুরু করেছে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ডামাডোল। আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত হলেও নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে বিএনপি থেকে সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবীর ও নতুন মুখ শেখ মো. রেজাউল ইসলাম রেজুকে প্রাথমিকভাবে মনোনীত করা হয়েছে। আর এই দুই প্রার্থীর সমর্থিত দলের মধ্যে সৃষ্টি হয়েছে নতুন দ্বন্দ্বের। কে হচ্ছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে ধানের শীষের রক্ষক আলমগীর নাকি নতুন মুখ রেজু এখন এই প্রশ্ন সবার মাঝে।
এদিকে রাণীনগর থানা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএস আল ফারুক জেমস বলেন, এই আসনে বিএনপির সংকটময় সময়ের একমাত্র ঘনিষ্ঠ বন্ধু ছিলেন আনোয়ার হোসেন বুলু। অথচ এই একনিষ্ট কর্মীকে মনোনয়ন থেকে বাদ দেওয়া হয়েছে। এতে করে এই জনপদের বিএনপি সমর্থিতরা হতাশ হয়ে পড়েছেন। তবে আমরা কার পক্ষে কাজ করবো তা পরবর্তীতে দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।
শেখ মো. রেজাউল ইসলাম রেজু বলেন, এই আসনে বিএনপির দুঃসময়ের কাণ্ডারি হিসেবে পাশে ছিলেন আনোয়ার হোসেন বুলু। বিএনপিকে সাগরে ভাসিয়ে দিয়ে আলমগীর কবীর দল ত্যাগ করে চলে যান। সেই সময় দলের হাল ধরেছিলেন বুলু। কিন্তু বুলুকে রেখে তার বড় ভাই আলমগীর কবীরকে কেন মনোনয়ন দেওয়া হলো তা আমার জানা নেই। এই আসনের মানুষ নতুন মুখকে চায়। তাই দল যদি আমাকে চূড়ান্ত মনোনয়ন দেয় তাহলে নতুন মুখ হিসেবে আমি অবশ্যই বিপুল ভোটে বিজয়ী হবো বলে আশাবাদী।
সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির বলেন, দল আমাকে মনোনয়ন দিলে আমি নওগাঁ-৬ (আত্রাই ও রাণীনগর) আসনে প্রার্থী হবো। তখনই নির্ধারিত হবে এখানকার জনগণের কাছে কার গ্রহণযোগ্যতা বেশি। আতঙ্কগ্রস্ত হয়ে প্রলাপ না বকার জন্য হাতেগোনা সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তিকে আহ্বান জানিয়ে বলছি, যথাসময়ে আমরা নির্বাচনের ময়দানে মিলিত হবো।
