বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়লো

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫, ২১:০৮

মার্কিন ডলারের দুর্বলতা এবং যুক্তরাষ্ট্রে সুদের হার কমানোর জোরালো সম্ভাবনার প্রভাবে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম শুক্রবার (৫ ডিসেম্বর) বেড়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সেদিন জিএমটি সকাল ১০টা ১৭ মিনিটে স্পট গোল্ডের মূল্য ০.৪ শতাংশ বৃদ্ধি পেয়ে আউন্সপ্রতি দাঁড়ায় ৪,২২৫.১১ ডলার। যদিও সাপ্তাহিক হিসাবে এখনো এটি ০.১ শতাংশ নিচে রয়েছে।

অন্যদিকে, ফেব্রুয়ারি ডেলিভারির জন্য মার্কিন ফিউচার্স গোল্ডের দাম ০.৩ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪,২৫৫.৯০ ডলারে পৌঁছায়।

বিশ্লেষকরা বলছেন, আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের নীতি সভার আগে বিনিয়োগকারীরা এখন অপেক্ষা করছেন গুরুত্বপূর্ণ মুদ্রাস্ফীতি-সংক্রান্ত তথ্যের জন্য।

ডলার সূচক বড় মুদ্রাগুলোর বিপরীতে পাঁচ সপ্তাহের নিম্নমুখী অবস্থানে থাকায় অন্যান্য মুদ্রাধারীদের জন্য স্বর্ণ কেনা তুলনামূলক সাশ্রয়ী হয়েছে।

এফএক্সটিএমের সিনিয়র গবেষণা বিশ্লেষক লুকমান ওতুনুগা বলেন, ‘ফেড আগামী সপ্তাহে সুদের হার কমাতে পারে— এমন বাজার প্রত্যাশা ও ডলারের দুর্বলতা স্বর্ণবাজার উত্থানে সমর্থন দিচ্ছে।’

এদিকে দেশের বাজারে শুক্রবার (৫ ডিসেম্বর) স্বর্ণ ভরিতে ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা বিক্রি হবে। সর্বশেষ মঙ্গলবার (২ ডিসেম্বর) স্বর্ণ ভরিতে ১ হাজার ৫০ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১ হাজার ৪৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭২ হাজার ৭০৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৩ হাজার ৬৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

 
ইত্তেফাক/এমএস