বাঘা (রাজশাহী) সংবাদদাতা
বাঘা উপজেলার ঐতিহ্যবাহী শাহী মসজিদ ও হযরত শহদৌল্লার মাজার শরিফের পূর্বদিকে সুবিশাল শাহী দিঘির চারপাশ দিয়ে নির্মিত পাকা রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। ফলে স্থানীয়দের চলাচলে ভোগান্তি হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
উপজেলা সদরের বাসিন্দা কাওসার রহমান, নতুন পাড়া গ্রামের লালনউদ্দিন জানান, বাঘা থানা পুলিশের এক কর্মকর্তার সঙ্গে একজন মোটর সাইকেল চালকের ধাক্কা লাগা এবং রাস্তাটির দক্ষিণ পাশের এক বাড়ির মালিক ট্রলি ভরে ইট নেওয়ায় রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। ফলে বেকায়দায় পড়েছেন ৫২ একর জমির উপরে খননকৃত সুবিশাল দিঘির চারপাশে ঘুরতে আসা ভ্রমণপিপাসু মানুষসহ সকাল-বিকেল হাঁটতে আসা লোকজন।
এবং বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিন রেজা বলেন, ‘এটি একটি দর্শনীয় স্থান। দর্শনার্থীদের সুবিধার্থে দিঘির চারপাশ দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে। কিন্তু কিছুদিন ধরে এই রাস্তায় বেপরোয়াভাবে যানবাহন চলায় দুর্ঘটনা ঘটছে। তা ছাড়া, কিছু লোক গাড়ি বোঝাই করে ইট-বালু নিচ্ছে বলে রাস্তার ক্ষতি হচ্ছে, দর্শনার্থীদেরও অসুবিধা হচ্ছে—এমন অভিযোগ শুনে সাময়িকভাবে রাস্তা বন্ধ করা হয়েছে। প্রয়োজনে আবার খুলে দেয়া হবে।
বাঘা পৌরসভার মেয়র আব্দুর রাজ্জাক ও প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু বলেন, ‘প্রয়োজনে সংশ্লিষ্ট মাজারের কোনো কর্মচারীকে দায়িত্ব দেয়া হবে, যাতে ভারী কোনো যানবাহন রাস্তা দিয়ে চলাচল না করে।’
