পশ্চিম আফ্রিকার দেশ বেনিনের একদল সৈন্য প্রেসিডেন্ট প্যাট্রিস ট্যালনকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে। রোববার (৭ ডিসেম্বর) রাষ্ট্রীয় টিভিতে উপস্থিত হয়ে সৈন্যরা সরকার ভেঙে দেওয়ার ঘোষণা দেয়। তবে দেশটির সরকারি সূত্রের বরাতে এএফপি ও রয়টার্স জানিয়েছে, সেনাবাহিনীর বড় অংশ এখনো অনুগত আছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হচ্ছে।
প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, আজ সকালে একদল সেনা অভ্যুত্থানের ঘোষণা দেওয়ার পর বেনিনের 'আইনত গঠিত সরকার দেশের পরিস্থিতির নিয়ন্ত্রণ ফিরে পাচ্ছে।'
সূত্রটি বলছে, বিদ্রোহীদের একটি ছোট দল টেলিভিশনে প্রবেশ করেছিল। নিয়মিত সেনাবাহিনী পরিস্থিতির নিয়ন্ত্রণ ফিরে পাচ্ছে। রাজধানী পোর্তো-নোভো এবং দেশের বৃহত্তম শহর কোটোনো সম্পূর্ণ নিরাপদ।
এএফপি উল্লেখ করেছে, সকালে প্রেসিডেন্ট প্রাসাদে বিদ্রোহীরা আক্রমণ করেছে, তবে ট্যালন নিজে নিরাপদে আছেন।
অপরদিকে, পৃথক প্রতিবেদনে বেনিনের পররাষ্ট্রমন্ত্রী ওলুশেগুন আদজাদি বাকারিকে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, অভ্যুত্থানের চেষ্টা চলছে, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
শীর্ষ কূটনীতিক বলেন, 'সেনাবাহিনীর একটি বড় অংশ এখনো অনুগত এবং আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিচ্ছি।'
প্রসঙ্গত, ১৯৬০ সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভের পর দেশটি একাধিক অভ্যুত্থানের সাক্ষী হয়েছে, বিশেষ করে স্বাধীনতার পরবর্তী দশকগুলোতে।
