ঝিনাইদহের চারটি আসনে ধানের শীষের দাবিদার ১১ জন

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৮, ২১:৫৮

ভ্রাম্যমাণ প্রতিনিধি

ঝিনাইদহের চারটি আসনে বিএনপি’র তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের পরও প্রতিটি আসনে দলের একাধিক প্রার্থী রয়েছেন। তারা জনসংযোগ করছেন। বর্তমানে ধানের শীষের দাবিদার ১১ জন। এতে দলের তৃণমূল পর্যায়ে নেতাকর্মী ও সমর্থকদের মাঝে বিভ্রান্তি  সৃষ্টি হচ্ছে।

ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে দলের কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোঃ আসাদুজ্জামান আসাদ, দলের খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু ও যুক্তফ্রন্টের জাসদ দলীয় দবিরউদ্দিন জোয়ার্দ্দার ধানের শীষের জন্য জনসংযোগ করছেন। এ আসনে বিএনপি’র অপর প্রার্থী আব্দুল ওহাবের মনোনয়নপত্র বাতিল হয়েছে। ঝিনাইদহ-২ (ঝিনাইদহ সদর ও হরিণাকুন্ডু) আসনে বিএনপি’র মসিউর রহমান ও এমএ মজিদের মনোনয়নপত্র বাতিল হয়েছে। বর্তমানে বিএনপি প্রার্থী আছেন মসিউর রহমানের ছেলে মোঃ ইব্রাহিম রহমান রুমি ও জেলা বিএনপি’র সহ-সভাপতি অ্যাডভোকেট এসএম মশিউর রহমান। ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর ও মহেশপুর) আসনে বিএনপি প্রার্থী আছেন দলের কেন্দ্রীয় সহ-সাংস্কৃতিক সম্পাদক মনির খান, মেহেদী হাসান রনি, সাবেক ছাত্রদল নেতা আমিরুজ্জামান খান শিমুল ও মোঃ মতিয়ার রহমান (২০ দলীয় জোট জামায়াতের জেলা সেক্রেটারি)। তারা সকলেই ধানের শীষের প্রার্থী এবং ধানের শীষের জন্য গণসংযোগ করছেন। ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-সদরের চারটি ইউনিয়ন) আসনে বিএনপি প্রার্থী রয়েছেন দুজন। তারা হচ্ছেন জেলা বিএনপি’র সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য শহিদুজ্জামান বেল্টু ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। তবে সকলেই বলছেন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন দল যাকে চূড়ান্ত মনোনয়ন  দেবে তিনিই হবেন ধানের শীষের প্রার্থী।