চীনের দক্ষিণাঞ্চলের শহর শানটোউতে এক আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ১২ জন নিহত হয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।
বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (৯ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ৯টা ২০ মিনিটের দিকে চারতলা ওই ভবনটিতে আগুন লাগে, এবং ৪০ মিনিটের মধ্যেই আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়। তবে, কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে, তা জানতে তদন্ত শুরু হয়েছে।
শানটোউতে এই অগ্নিকাণ্ড এমন এক সময় ঘটল, যখন হংকংয়ে গত প্রায় আট দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের কয়েক দিন পর এটি ঘটল। হংকংয়ের ওয়াং ফুক কোর্ট অগ্নিকাণ্ডে মঙ্গলবার (৯ ডিসেম্বর) পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ১৬০ জনে দাঁড়িয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
এশিয়ার অন্যতম বড় ব্যবসায়িক হাব হংকংয়ে এই প্রাণঘাতী অগ্নিকাণ্ডের পর চীনের শীর্ষ নেতৃত্ব আবাসন খাতে নিরাপত্তাজনিত ঝুঁকি দূর করার তাগাদা দিয়েছে। বেইজিং গত মাসে দেশজুড়ে বহুতল ভবনগুলোর অগ্নিনিরাপত্তা মান খতিয়ে দেখারও কড়া নির্দেশনা দিয়েছে, যেন হংকংয়ের মতো ঘটনার পুনরাবৃত্তি না হয়।
এর আগে এপ্রিলে উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশে এক নার্সিং হোমে বয়স্কদের একটি অ্যাপার্টমেন্টে আগুন লাগার ঘটনায় ২০ জনের মৃত্যু হয়েছিল। এছাড়াও, কয়েক সপ্তাহ পর উত্তরপূর্ব চীনে এক রেস্তোরাঁয় লাগা আগুন ২২ জনের প্রাণ কেড়ে নেয়।
সূত্র: রয়টার্স, সিনহুয়া

