বিতর্কিত সীমান্ত নিয়ে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যকার সংঘাত আজ তৃতীয় দিনে গড়িয়েছে; লড়াইয়ে এরই মধ্যে দুই দেশের অন্তত ১৩ জনের প্রাণহানি ঘটেছে এবং আহত ছাড়িয়েছে কয়েক ডজন।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার (৯ ডিসেম্বর) বলেছেন, এশীয় দুই প্রতিবেশীর এই সংঘাত থামাতে তিনি ‘আগামীকাল ফোন করতে যাচ্ছি এবং তাদের নেতাদের সঙ্গে কথা বলবেন। তার মধ্যস্থতাতেই গত জুলাইয়ে দুই দেশ ৫ দিনের লড়াই শেষে যুদ্ধবিরতিতে পৌঁছেছিল। এই চলতি সপ্তাহে সংঘাত শুরু হওয়ার পর দুই পক্ষই এখন পর্যন্ত সীমান্ত এলাকাগুলো থেকে লাখো লোককে নিরাপদ এলাকায় সরিয়ে নিয়েছে।
কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার থেকে মঙ্গলবার রাত পর্যন্ত থাইল্যান্ডের হামলায় অন্তত ৯ বেসামরিক নিহত ও ২০ জন গুরুতর আহত হয়েছে। অন্যদিকে থাই কর্মকর্তারা জানিয়েছেন, তাদের ৪ সেনা নিহত ও ৬৮ জন আহত হয়েছে।
এই পরিস্থিতিতে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেটের এক শীর্ষ উপদেষ্টা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, তার দেশ যে কোনো সময় আলোচনার জন্য প্রস্তুত। তবে মঙ্গলবার (৯ ডিসেম্বর) থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সিহাসাক ফুয়াংকেত এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি সীমান্ত সংঘাত নিয়ে কোনো আলোচনার সম্ভাবনা দেখছেন না এবং পরিস্থিতি ‘তৃতীয় পক্ষের মধ্যস্থতার অবস্থায় নেই।
পেনসিলভানিয়ায় এক সমাবেশে ট্রাম্প এই সংঘাত প্রসঙ্গে এসে বলেন, ‘আমি হয়তো একটি ফোন করেই দুই শক্তিশালী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধ থামিয়ে দিতে পারি। তিনি জুলাইয়ের লড়াইয়ের পর হওয়া নাজুক যুদ্ধবিরতির কেন্দ্রীয় চরিত্রেও ছিলেন। ওই সময় ট্রাম্প বাণিজ্যকে হাতিয়ার বানিয়ে দুই দেশকে যুদ্ধবিরতিতে রাজি করিয়েছিলেন।
কিন্তু এবার থাই পররাষ্ট্রমন্ত্রী রয়টার্সকে বলেছেন, তার দেশকে আলোচনায় বসাতে শুল্ক আরোপের হুমকি দেওয়া ঠিক হবে না বলেই তিনি মনে করেন। এদিকে থাইল্যান্ড এখন বলছে, তাদের লক্ষ্য হচ্ছে প্রতিবেশী দেশের দাঁত ভেঙে দেওয়া যেন তারা আর হামলা চালাতে না পারে। সোমবার দেশটির শীর্ষ এক জেনারেল বলেছেন, তার সেনাবাহিনীর লক্ষ্যই হচ্ছে সামনের অনেক দিনের জন্য কম্বোডিয়ার সামরিক সক্ষমতা দুর্বল করে দেওয়া।
জবাবে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া ছাড়া তাদের হাতে আর বিকল্প ছিল না এবং নম পেন অভিযোগ করেছে যে থাইল্যান্ড বেসামরিক আবাসিক এলাকাগুলোতে নির্বিচারে ও নির্মম হামলা চালাচ্ছে। তবে ব্যাংকক এই ভাষ্য অস্বীকার করেছে।
সূত্র: রয়টার্স
