বার্নাব্যুতে মুখোমুখি এমবাপ্পে-হালান্ড

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ১৮:৫০

একদিকে কিলিয়ান এমবাপ্পের গতি; অন্যদিকে আর্লিং হালান্ডের দুর্দান্ত ফিনিশিং। আজ সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে যখনই এই দুই দল মুখোমুখি হয়েছে, আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল নাটক আর প্রতিশোধ। এমবাপ্পে এমন এক খেলোয়াড়, যিনি মুহূর্তে ম্যাচের গতি পালটে দিতে পারেন। বিপরীতে হালান্ডের প্রভাব নীরব কিন্তু ধ্বংসাত্মক। 

চ্যাম্পিয়নস লিগে চলতি মৌসুমে মাত্র ৫ ম্যাচেই ৯ গোল করেছেন এমবাপ্পে। যা তার ক্যারিয়ারের এক মৌসুমে সর্বোচ্চ। ইউসিএল ক্যারিয়ারে এখন পর্যন্ত ম্যান সিটির বিপক্ষে একাই ৭ গোল করেছেন তিনি। অন্যদিকে, আর্লিং হালান্ড যেন নিখুঁত গোলমেশিন। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৮ ম্যাচে ১৯ গোল করেছেন তিনি। যার মধ্যে ইউসিএলে ৪ ম্যাচে ৫ গোল। স্প্যানিশ প্রতিপক্ষের বিপক্ষেও তার রেকর্ড ভয়ঙ্কর। ৯ ম্যাচে ৯ গোল। আধুনিক ফুটবলের এই দুই মহাতারকার লড়াইটাই তাই নিঃসন্দেহে চলতি ইউসিএল মৌসুমের ষষ্ঠ ম্যাচউইকের সবচেয়ে বড় আকর্ষণ।

রিয়াল মাদ্রিদ এখন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ঘরের মাঠে সেলতা ভিগোর বিপক্ষে ০-২ গোলের হার তাদের আত্মবিশ্বাসে বড় ধাক্কা দিয়েছে। জাবি আলোনসোর অধীনে শেষ সাত ম্যাচে মাত্র দুটি জয়। লা লিগায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনার চেয়ে এখন চার পয়েন্টে পিছিয়ে তারা। তবে ইউরোপে তাদের গল্প আলাদা। ঘরের মাঠে অপরাজিত থেকে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বে ১৫ পয়েন্টের মধ্যে তাদের সংগ্রহ ১২ পয়েন্ট। 

অন্যদিকে, পেপ গার্দিওলার ম্যান সিটি একদম বিপরীত ছন্দে। দলে গার্দিওলার ১০টি পরিবর্তনে লেভারকুসেনের বিপক্ষে ইউসিএলের এবারের মৌসুমে প্রথম হার দেখেছে তারা। প্রিমিয়ার লিগেও তারা দুর্দান্ত ছন্দে। লিডস, ফুলহ্যাম ও সান্ডারল্যান্ডের বিপক্ষে টানা তিন জয়ে দলটি এখন আত্মবিশ্বাসী। এখনো রক্ষণভাগের ইনজুরি সংকটে ভুগছে রিয়াল মাদ্রিদ। বড় ম্যাচে মিলিতাও, কারভাহাল, আর্নল্ডের মতো তারকাদের পাচ্ছে না তারা। সেই তুলনায় রদ্রিকে না পেলেও তুলনামূলকভাবে অনেকটাই সুস্থ স্কোয়াড নিয়ে আসছে ম্যান সিটি।

এখন পর্যন্ত নিজেদের ১৪ দেখায় ৬ ম্যাচ জিতেছে রিয়াল মাদ্রিদ। ম্যানসিটির ৪ জয়ের সাথে ড্র হয়েছে ৪ মার্চ। ইউসিএলে ঘরের মাঠে ১৩টি ম্যাচের মধ্যে ১২টিতে জিতেছে রিয়াল। অন্যদিকে, শেষ সাতটি গ্রুপ ম্যাচের ছয়টিতে স্প্যানিশ ক্লাবের বিপক্ষে জয় পেয়েছে সিটি। তবুও বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদকে হারানো এখনো ইউরোপীয় ফুটবলের অন্যতম কঠিন কাজ।

রাতের অন্যান্য ম্যাচে টেবিলের শীর্ষে থাকা আর্সেনালকে আতিথেয়তা দিবে ক্লাব ব্রুজ। দুইয়ে থাকা পিএসজি খেলবে অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে। এছাড়াও পরবর্তী পর্বে নিজেদের অবস্থান নিশ্চিত করার লড়াইয়ে মুখোমুখি হবে বেনফিকা-নাপোলি, জুভেন্তাস-পাফোস, লেভারকুসেন-নিউক্যাসল, বরুশিয়া ডর্টমুন্ড-বোডো/গ্লিমট, ভিয়ারিয়াল-কোপেনহেগেন ও কারাবাগ এফকে-আয়াক্স।

 

 
ইত্তেফাক/এনটিএম