গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা
গৌরীপুর থানার এসআই রুহুল আমিনকে কামড়িয়ে আসামি ছিনিয়ে নিয়েছে আসামির পরিবারের কয়েকজন নারী সদস্য। ছিনিয়ে নেওয়া আসামি আনোয়ার হোসেন আনু গৌরীপুর পৌর শাখা ছাত্রদলের সহসভাপতি। গত সোমবার রাতে পৌর শহরের মাছুয়াকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল বুধবার বিষয়টি জানাজানি হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্রদল নেতা আনোয়ারের বিরুদ্ধে গৌরীপুর থানায় তিনটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গত সোমবার বিকালে এসআই রুহুল আমিন সাদা পোশাকে ছাত্রদল নেতা আনোয়ারকে ধরতে মাছুয়াকান্দা গ্রামে অভিযান চালায়। আনোয়ারকে ধরার মুহূর্তে এসআই রুহুল আমিনের ওপর হামলে পড়েন আনোয়ারের পরিবারের নারী সদস্যরা। ধস্তাধস্তির এক পর্যায়ে নারীরা এসআই রুহুল আমিনের হাতে কামড় দিয়ে আসামি আনোয়ারকে ছিনিয়ে নেয়। ওই সময় রুহুল আমিন আত্মরক্ষার জন্য নিজের পরিচয় দিয়েও রেহাই পাননি। খবর পেয়ে পুলিশ গিয়ে রুহুল আমিনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
