ঢাকায় জেঁকে বসেছে শীত, ১৫ ডিগ্রি সেলসিয়াসে ঢাকার সকাল

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৮

রাজধানী ঢাকায় গত কয়েক দিন ধরেই তাপমাত্রা কমছিল, তবে শুক্রবার (১২ ডিসেম্বর) শীত বেশ ভালোভাবেই জেঁকে বসেছে। 

বৃহস্পতিবার ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস; আজ সকালে সেটি আরও কমে দাঁড়িয়েছে ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। 

সকাল ৭টায় আবহাওয়া অধিদপ্তরের ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাস থেকে এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আরও জানানো হয়, আজ আবহাওয়া প্রধানত শুষ্ক এবং আকাশ পরিষ্কার থাকতে পারে। সকাল ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ। 

দুপুর পর্যন্ত এই অঞ্চলের ওপর দিয়ে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সূর্যাস্তের সময় সন্ধ্যা ৫টা ১৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ৬টা ৩৩ মিনিটে হওয়ার কথা রয়েছে।

ইত্তেফাক/টিএইচ