দেবী শেঠির হাসপাতালের সঙ্গে ইউজিসির সমঝোতা

আপডেট : ০১ আগস্ট ২০১৯, ১৬:৩৩

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সঙ্গে ভারতের নারায়ণা হেলথ’র একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। খ্যাতনামা চিকিৎসক দেবী প্রসাদ শেঠি নারায়ণা হেলথ’র চেয়ারম্যান ও উদ্যোক্তা। বৃহস্পতিবার (০১ আগস্ট) ইউজিসিতে এ সংক্রান্ত একটি চুক্তি সম্পাদিত হয়েছে। চুক্তির আওতায় ইউজিসি চেয়ারম্যান, সদস্যবৃন্দ, ইউজিসির কর্মকর্তা-কমচারী এবং তাদের পরিবারের নির্ভরশীল সদস্যগণ নারায়ণ হেলথ-এ উন্নত ও মানসম্পন্ন চিকিৎসা সেবা পাবেন।

ইউজিসি সচিব ড. মো. খালেদ এবং নারায়ণা হেলথ সিটির চিফ অপারেটিং অফিসার (সিওও) জোসেফ পাসাঙ্গা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ। 

অনুষ্ঠানে নারায়ণা হেলথ এর সিওও জোসেফ বলেন, ইউজিসি পরিবারের সদস্যদেরকে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে তারা বিশেষ প্যাকেজ প্রদান করবে। ডাক্তারের সাক্ষাৎ-পরামর্শ, রোগী ভর্তি এবং আবাসন সুবিধার বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে সেবা ও প্রয়োজনীয় পরামর্শ দিবে।  তিনি আরও বলেন, এক্ষেত্রে তারা একটি হট লাইন চালু করবে এবং বিশেষ সুবিধা কার্ড ইউজিসিকে সরবরাহ করবে।

আরো পড়ুন: বেঁচে উঠলেন ‘মৃত’ সাক্ষী, দুর্নীতি মামলায় হাজিরাও দেবেন তিনি

উল্লেখ্য, ভারতের বিভিন্ন রাজ্যে নারায়ণা হেলথ এর ২৩টি হাসপাতাল/শাখা রয়েছে। ২০১৭ সালে এটি এশিয়ার সেরা হেলথ কেয়ার ব্র্যান্ডের পুরষ্কার অর্জন করে। 

সভায় ইউজিসি’র সদস্য প্রফেসর ড. মোঃ আক্তার হোসেন, অধ্যাপক ড. দিল আফরোজা বেগম ও অধ্যাপক ড. মোঃ সাজ্জাদ হোসেন; ইউজিসির বিভাগীয় প্রধানগণ এবং নারায়ণা হেলথ এর প্রতিনিধি উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/বিএএফ